সংবাদদাতা, উলুবেড়িয়া : কাপড়ের গাঁটে লুকিয়ে গাঁজা পাচারের সময় দুই যুবককে গ্রেপ্তার করল রাজাপুর থানার পুলিস। সোমবার সন্ধ্যায় একটি বাইকে চেপে দুই যুবক কাপড়ের গাঁটের ভিতর গাঁজা লুকিয়ে উলুবেড়িয়ার দিক থেকে আমতার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে উলুবেড়িয়া আমতা রোডের নারকেলতলার কাছে দুই যুবককে আটকায় রাজাপুর থানার পুলিস। তাদের কাছে ২২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিস। যার মূল্য কয়েক লক্ষ টাকা। পরে রাজেশ খান এবং আনিসুর শা নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, বেশ কিছুদিন ধরেই উলুবেড়িয়া আমতা রোড দিয়ে গাঁজা পাচারের অভিযোগ আসছিল। সোমবার সেইমতো নাকা চেকিং শুরু করে পুলিস। আর তাতেই ধরা পড়ে যায় দুই যুবক। উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।



