Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফাঁকা ফ্ল্যাটে বান্ধবীকে নির্যাতন, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার অভয়া আন্দোলনে শামিল ‘ইনফ্লুয়েন্সার’ শমীক

২০২৪ সালের আগস্ট মাসে আলোড়ন তুলেছিল আর জি কর আন্দোলন।

ফাঁকা ফ্ল্যাটে বান্ধবীকে নির্যাতন, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার অভয়া আন্দোলনে শামিল ‘ইনফ্লুয়েন্সার’ শমীক
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৪ সালের আগস্ট মাসে আলোড়ন তুলেছিল আর জি কর আন্দোলন। অভয়ার ‘জাস্টিস’ আদায়ের আন্দোলনে সামনের সারিতে ছিলেন সোশ্যাল মিডিয়ায় পরিচিত তথাকথিত ‘ইনফ্লুয়েন্সার’ শমীক অধিকারী। তাঁর ‘ননসেন’ পেজে অভয়া আন্দোলনের একাধিক ভিডিয়ো এখনও রয়েছে। সেই ‘গুণধর’ই এবার বান্ধবীর শ্লীলতাহানিতে অভিযুক্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করেছে বেহালা থানার পুলিশ।

Advertisement

তরুণীর অভিযোগ, কাজের আলোচনার অজুহাতে বেহালার অভিজাত আবাসনের ফ্ল্যাটে ডেকে শ্লীলতাহানি করে শমীক। অশালীন প্রস্তাবে সম্মতি না জানানোয় মারধর করে ফ্ল্যাটের ঘরে ২০ ঘণ্টার বেশি আটকে রাখার অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর নেটিজেনদের প্রশ্ন— ‘অভয়া আন্দোলনে শামিল হওয়া কি তবে শুধু ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্রোফাইলের রিচ বাড়ানোর লক্ষ্যে? যে নিজের বান্ধবীর নিরাপত্তাহীনতার কারণ, সে আবার জাস্টিস চায় কোন মুখে?’

২ ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটে বেহালা থানা এলাকার রাজা রামমোহন রায় রোডের একটি অভিজাত আবাসনে। পরের দিন বিকেল পর্যন্ত ওই তরুণীকে ‘ইনফ্লুয়েন্সার’ আটকে রাখে বলে অভিযোগ। কোনোভাবে সেখান থেকে বেরিয়ে ৪ ফেব্রুয়ারি থানায় শ্লীলতাহানি, মারধর ও আটকে রাখার লিখিত অভিযোগ করেন তরুণী। তার ভিত্তিতে মামলা রুজু করে বেহালা থানা। ডেপুটি কমিশনার (সাউথ-ওয়েস্ট) রাহুল দে বলেন, আমরা অভিযুক্ত যুবকের খোঁজে আবাসনে অভিযান চালাই। কিন্তু, অভিযুক্ত পলাতক ছিল। সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, বেহালার ফ্ল্যাটটি ছিল শমীকের পার্টি-হুল্লোড়ের জায়গা। সেখানেই জমায়েত হত তরুণ-তরুণীরা। রাতভর চলত উদ্দাম পার্টি। নির্যাতিতা অভিযুক্তের পরিচিত। অভিযোগ, ২ ফ্রেব্রুয়ারি ওই তরুণীকে নিজের ফ্ল্যাটে কাজ সংক্রান্ত আলোচনার জন্য ডেকে পাঠায় অভিযুক্ত। বিকেল ৩টে নাগাদ ফ্ল্যাটে যান তরুণী। কিছুক্ষণ চলে কাজের আলোচনা। হঠাৎই বান্ধবীকে অশালীন প্রস্তাব দেয় অভয়ার ‘জাস্টিস’ দাবি করা যুবক। রাতে ফ্ল্যাটে থেকে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তরুণী রাজি হননি। অশালীন প্রস্তাবের মাত্রা বাড়তে থাকায় প্রতিবাদ করেন অভিযোগকারী। রাত সাড়ে নটা নাগাদ তিনি বেরিয়ে যেতে চান। তাঁর পথ আটকায় ‘ইনফ্লুয়েন্সার’।

অভিযোগ, বান্ধবী বেরতে চাইলে মারধর করে সে। এমনকি জামাকাপড় ধরে টানাটানি করা হয়। তরুণীর দাবি, তাঁর শ্লীলতাহানি করে বন্ধু। জোর করে তাঁকে আটকে রাখা হয় বলে অভিযোগ। গেট বন্ধ করে রাখা হয়। পরের দিন সকালে বেরতে চাইলেও বাধা দেয় অভিযুক্ত। ৩ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত তাঁকে আটকে রাখা হয়েছিল। বিকেল পাঁচটা নাগাদ তিনি কোনোক্রমে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন। এরপরই বেহালা থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা। ‘বান্ধবীর জাস্টিস চাওয়ার জন্য এবার আন্দোলনে দেখা যাবে ইনফ্লুয়েন্সারকে?’— কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অনেকেই। এপ্রসঙ্গে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এই ছেলেটাই সোশ্যাল মিডিয়ার ভিডিওতে প্রচার করেছিল বাংলায় মেয়েরা নিরাপদ নন। তৃণমূলকে ভোট না দিতেও প্রচার চালায়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ