হ্যামিলটন: বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ। একটাও বল খেলা হয়নি। বুধবারও হ্যামিলটনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ফোঁটা ফোঁটা বৃষ্টিপাতও হচ্ছিল। এই আবহে শ্রেয়স আয়ার, বিরাট কোহলিরা হ্যামিলটনকে বিদায় জানালেন। গন্তব্য বে ওভাল। এখানেই শুক্রবার চতুর্থ একদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
পাঁচ ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে। একটি ম্যাচ ভেস্তে যাওয়ায় গিল বাহিনীর সিরিজ হারার কোনও সম্ভাবনা নেই। ফলে গম্ভীরের ছেলেরা অনেক খোলা মনে খেলবেন বাকি ম্যাচগুলি। টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে দুরমুশ করেছিল টিম ইন্ডিয়া। আশা করা হচ্ছে, ওয়ান ডে সিরিজও ভারত জিতবে। যেটা টেস্ট সিরিজের আগে ভারতীয় ক্রিকেটারদের মনোবল অনেকটাই বাড়িয়ে তুলবে বলে মত ওয়াকিবহাল মহলের।
১৫ নভেম্বর বে ওভালেই শেষ একদিনের ম্যাচটি হবে। তার ঠিক পাঁচদিন পর শুরু ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। কোচ গৌতম গম্ভীর লাল বলের লড়াইকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। ইতিমধ্যেই ওয়ান ডে দলের কয়েকজন ক্রিকেটারকে টেস্ট স্কোয়াডে যোগ দিতে বলা হয়েছে। ১২ নভেম্বর শুরু ভারতের লাল বলে প্রস্তুতি। ‘এ’ দলের হয়ে বেসরকারি টেস্টে খেলেছেন বুমরাহ, প্রসিদ্ধরা। তাঁরাও শিবিরে যোগ দেবেন। হৃষিকেশ কানিতকার ভারতীয় ‘এ’ দলের কোচের দায়িত্বে। তিনিই আপাতত টেস্ট স্কোয়াডের প্র্যাকটিসের তদারকি করবেন। তাঁর উপর চাপ কমাতে ব্যাটিং কোচ সীতাংশু কোটাক, বোলিং কোচ মর্নি মর্কেলকে টেস্ট দলের প্রস্তুতিতে যোগ দিতে বলেছেন গম্ভীর। আসলে ভারতীয় শিবিরের লক্ষ্য টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা বেঁচে থাকবে। এরপর ভারত ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। গিলরা যদি ক্যাঙারু বাহিনীকে ৪-১ বা ৪-০ ব্যবধানে হারিয়ে দিতে পারে, তাহলে সরাসরি ডব্লুটিসি’র ফাইনালে ওঠার সুযোগ থাকবে। তাই সব ভুলে কোচ গম্ভীরের নজর এখন টেস্ট সিরিজে। তাই লাল বলের ক্রিকেটের মহড়ায় রীতিমতো সিরিয়াস তিনি।



