Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গাইঘাটায় স্কুলছাত্রী ধর্ষণের ৪৫ দিনের মাথায় চার্জশিট পুলিসের

গাইঘাটায় স্কুলছাত্রী ধর্ষণের ৪৫ দিনের মাথায় চার্জশিট পুলিসের
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: জয়নগর ও ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণ-খুনের দু’টি ঘটনায় রাজ্য পুলিসের দক্ষতার প্রমাণ মিলেছে। দুই ক্ষেত্রেই  ঘটনার ৬২ দিনের মাথায় দোষীদের ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত। এবার রাজ্যের আরও একটি ধর্ষণের ঘটনায় মাত্র ৪৫ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিল পুলিস। গাইঘাটায় দশম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের মামলায় সোমবার গাইঘাটা থানার পুলিস আদালতে চার্জশিট জমা করে। আজ, মঙ্গলবার বনগাঁ আদালতের বিশেষ পকসো কোর্টে মামলার শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে। আর জি কর-কাণ্ডের তদন্তে নেমে সিবিআই নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে না পারায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন পেয়ে গিয়েছেন। সিবিআইয়ের এহেন ভূমিকায় সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এই আবহে ঘটনার ৪৫ দিনের মাথায় ধর্ষণের মামলার চার্জশিট জমা করতে পারা রাজ্য পুলিসের দক্ষতা ও তৎপরতার প্রমাণ করে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Advertisement
গত ১ নভেম্বর গাইঘাটায় ধর্ষণ করা হয় ওই নাবালিকাকে।  টিউশন পড়তে যাওয়ার সময় তাঁকে রাস্তা থেকে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পরদিন বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই স্কুলছাত্রী। সেদিনই নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়। পুলিস গ্রেপ্তার করে অভিযুক্ত যুবক সুজিত পাল ওরফে বাবুসোনাকে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো আইনে একাধিক মামলা রুজু করে পুলিস। এরপর বনগাঁ পুলিস জেলার তরফে তদন্তকারী আধিকারিককে দ্রুত ঘটনার চার্জশিট জমা করতে নির্দেশ দেওয়া হয়।
আরও জানা গিয়েছে, ইতিমধ্যে কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তিনজন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। ঘটনার দিন ব্যবহৃত মোটর বাইক সহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিস। কিছু জিনিস ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। সূত্রের খবর, ফরেনসিক রিপোর্ট আসার পর অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হতে পারে। পকসো আদালতের বিশেষ সরকারি আইনজীবী সমীর দাস বলেন, ‘এটা জঘন্য একটা ঘটনা। দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।’  দ্রুত চার্জশিট জমা পড়ায় সন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার।  
সম্পর্কিত সংবাদ