Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গাইঘাটায় পিকনিকে গিয়ে জলে ডুবে মৃত্যু  

গাইঘাটায় পিকনিকে গিয়ে জলে ডুবে মৃত্যু
 
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: পিকনিকে বন্ধুদের সঙ্গে নৌকাবিহারে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে, গাইঘাটা থানার ডুমা গ্রামে। মৃতের নাম স্মরজিৎ সাহা (৪৭)। গাইঘাটা থানার চাঁদপাড়া দেবীপুরে থাকতেন তিনি। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে স্মরজিৎবাবু কয়েকজন বন্ধুর সঙ্গে গাইঘাটার ডুমা বাওড়ে গিয়েছিলেন পিকনিকে। বিকেলের পর নৌকাবিহার করতে যান। দু’টি নৌকায় প্রায় দশজন ছিলেন। কিন্তু কোনও মাঝি ছিল না। হঠাৎ একটি নৌকায় জল ঢুকতে শুরু করে। আতঙ্কে সকলে জলে ঝাঁপ দেন। স্মরজিৎবাবু সাঁতার জানতেন না। বন্ধুরা তাঁকে কোনওভাবে উদ্ধার করে ডাঙায় তোলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় বহু মানুষ পিকনিক করতে আসেন। অনেকে মদ্যপান করেন। এদিনও কয়েকজন মিলে রান্না করা খাবার এনে জলাভূমির পাড়ে বসে খাওয়াদাওয়া করেন। মদ্যপানও করেন। তারপর তীরে থাকা নৌকা নিজেরাই খুলে নিয়ে জলে নেমে পড়েন। নৌকা ডুবে যায়। শনিবার পর্যন্ত ডুবে যাওয়া নৌকা উদ্ধার হয়নি। চয়ন বিশ্বাস নামে স্মরজিৎবাবুর এক সঙ্গী বলেন, ‘আমরা একসঙ্গে ছিলাম। নৌকা দিয়ে জল ঢুকছিল। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়। নৌকা ডুবে যায়। আমরা স্মরজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ওকে বাঁচানো যায় নি।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ