সংবাদদাতা, বনগাঁ: আবারও রাস্তার পাশের গাছের ডাল ভেঙে বিপত্তি। ব্যাহত যান চলাচল। সোমবার সকালে গাইঘাটার বকচরা এলাকার ঘটনা। এদিন সকালে যশোর রোডের পাশে একটি প্রাচীন বটগাছের ডাল হঠাৎই ভেঙে পরে। ওই এলাকায় রাস্তার পাশে বিরাট এক বটগাছ রয়েছে। গাছের নীচে একাধিক দোকান রয়েছে। সোমবার সকাল সাতটা নাগাদ গাছের নীচে একটি চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন। সেই সময় বিশাল একটি ডাল ভেঙে পরে। ডাল ভাঙার শব্দ শুনে দৌড়ে পালিয়ে যান দোকানে বসে থাকা লোকজন। ফলে প্রাণে বেঁচে যান তাঁরা। তবে এই ঘটনায় চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের নীচে থাকা একটি বাইক দুমড়ে-মুচড়ে যায়। যশোর রোডে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিস। পরে গাছের ডালটি কেটে রাস্তা পরিষ্কার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে রাস্তার পাশের গাছের বিপজ্জনক ডাল কেটে ফেলা উচিত।



