Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কম বাজেটে উপহার

ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটাতে উপহারের জুড়ি মেলা ভার। তবে পকেটের দিকেও নজর দেওয়া প্রয়োজন। ফলে কম খরচে কী উপহার দেওয়া যায় রইল তার হদিশ।

কম বাজেটে উপহার
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০২
Prefer us on Google

ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটাতে উপহারের জুড়ি মেলা ভার। তবে পকেটের দিকেও নজর দেওয়া প্রয়োজন। ফলে কম খরচে কী উপহার দেওয়া যায় রইল তার হদিশ।

Advertisement

হাতে লেখা চিঠি: প্রথম দেখা থেকে ‘হ্যাঁ’ বলার অভিজ্ঞতা— আপনাদের প্রেমের জার্নি নিয়ে একটি চিঠি লিখে ফেলুন চটপট। একসঙ্গে কাটানো স্মৃতি, ভবিষ্যতের স্বপ্নও নথিবদ্ধ থাক সেখানে। কম সময় আর প্রায় বিনা খরচে এই উপহার আপনার সঙ্গীর ঠোঁটে হাসি ফোটাতে যথেষ্ট। আর সমাজমাধ্যমের যুগে হাতে লেখা চিঠি বাড়তি কদর নিশ্চয়ই পাবে। 

বই: আপনার সঙ্গী যদি বইপোকা হন, তাহলে বইয়ের থেকে ভালো উপহার আর কী হতে পারে বলুন? নিশ্চয়ই ভাবছেন, বই অর্ডার দিয়ে আনবেন কখন? কোনো ব্যাপার নয়। তাঁকে নিয়ে বেরিয়ে পড়ুন। তারপর পৌঁছে যান কলেজস্ট্রিট বা বইয়ের দোকানে। সেখানে আপনার বাজেট অনুযায়ী বই কিনে উপহার দিন তাঁকে। বইয়ের প্রথম পাতায় তাঁর জন্য স্পেশাল বার্তা লিখতে ভুলবেন না কিন্তু!  

সিনেমা: মনের মানুষের সঙ্গে থিয়েটারের অভিজ্ঞতাটাই হোক উপহার। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। টলিউড, বলিউড বা হলিউড— তাঁর পছন্দ অনুযায়ী কোনো একটি সিনেমার টিকিট কেটে ফেলুন। এই পরিকল্পনায় কিন্তু পকেট আর সঙ্গী, দু’জনেই খুশি হবেন। 

রান্নাবান্না: ভালোবাসার সুস্বাদু ভাষা— রান্না। আপনি দক্ষ হোন বা না হোন তাঁর পছন্দের কোনো পদ একবার বানিয়ে নিন। উপহার দিন সেটিই। পারফেক্ট না হলেও মনখারাপ করবেন না। কারণ মনের মানুষ জানবেন, আপনার চেষ্টা রয়েছে এর মধ্যে। ভালোবাসায় এর চেয়ে বড় উপহার আর কী হয় বলুন? 

চকোলেট: ভালোবাসার সপ্তাহে চকোলেট ছক্কা হাঁকায় প্রতিবার। ফলে আপনার ভালোবাসার মানুষকেও তা দিতে পারেন। সাধ্যের মধ্যে বিভিন্ন ধরনের চকোলেট পেয়ে যাবেন দোকানে। এখন অনেক জায়গায় কাস্টমাইসড চকোলেট সেট কিনতে পাওয়া যায়। যদি সময় পান এবং সাধ্যের মধ্যে হয়, সেক্ষেত্রে তেমন চকোলেটের সেটও উপহার হিসেবে দিতে পারেন। 

পারফিউম: উপহার হিসেবে সুগন্ধির চাহিদাও তুঙ্গে। প্রেমিক বা প্রেমিকার পছন্দের কথা মাথায় রেখে আপনার সাধ্যমতো কোনো পারফিউম তাঁকে উপহার দিন।  

ঘড়ি: দু’টি ঘড়ির সেট কিনুন। সেই সেট কিনে একটি আপনার কাছে রাখুন, অপরটি উপহার দিন আপনার সঙ্গীকে। তাঁকে নিয়ে বেরনোর সময় মনে করে সেই ঘড়িটি হাতে পরতে ভুলবেন না। 

টি-শার্ট: এখন অনেক জায়গায় কাস্টমাইসড টি-শার্ট কিনতে পারবেন। টি-শার্টের উপর লেখা থাকবে নানা বার্তা। চটজলদি আপনার হাতের কাছে যদি কোনো দোকান থাকে সেখান থেকে বাজেটের মধ্যে এমন একটি টি-শার্ট কিনে দিতে পারেন সঙ্গীকে। 

ফুল: ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরুই হয় গোলাপ দিয়ে। ফলে গোলাপের চাহিদা এই সময় আকাশছোঁয়া। সঙ্গে দামও। তা সত্ত্বেও সাধ্যের মধ্যে হয়ে যাবে গোলাপ। তা সুন্দর করে সাজিয়ে দেবেন দোকানদার। কিনে নিয়ে হাঁটু মুড়ে বসে গোলাপ দিন মনের মানুষকে। 
এছাড়াও কফি মাগ, ডেস্ক ক্যালেন্ডার, জলের বোতল হোক বা চাবির রিং—কম বাজেটে পেয়ে যাবেন আরো
কত কী! 

সম্পর্কিত সংবাদ