Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালের গ্রামে কালীপ্রতিমা ভাঙচুর দুষ্কৃতীদের, প্রতিবাদে পথ অবরোধ

ঘাটালের গ্রামে কালীপ্রতিমা ভাঙচুর দুষ্কৃতীদের, প্রতিবাদে পথ অবরোধ
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: রাতের অন্ধকারে ঘাটালের দীর্ঘগ্রামে কালী প্রতিমার মণ্ডপে  তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। মণ্ডপ থেকে সব মূর্তি বার করে ভেঙেও দেয় তারা। এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে গ্রামবাসীরা ঘাটাল-মনশুকা রাস্তা দীর্ঘক্ষণ অবরোধ করেন। পরে পুলিসের আশ্বাস অবরোধ উঠে। পুলিসও মূর্তি ভেঙে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। পুলিস জানিয়েছে, কারা ওই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, দীর্ঘগ্রামের ছাতিমতলায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রজেক্টের পাশে গ্রামবাসীরা গত ৩১ ডিসেম্বর কালীপুজোর আয়োজন করেছিলেন। এটিই ছিল প্রথম বছরের পুজো। কয়েক দিনের অনুষ্ঠানে কালীপুজোর পর্ব চুকে যায়। যেহেতু ওই এলাকাটিতে শ্মশান রয়েছে তাই পরে গ্রামবাসীরা ঠিক করেন ওই মূর্তি রেখে দেওয়া হবে। ওখানেই কালীর একটি স্থায়ী মন্দির তৈরি করারও পরিকল্পনা করেন তাঁরা। সেই মতো পুজোর পরের দিন থেকেই প্রতিমার নিত্যসেবাও শুরু হয়। পুজো কমিটির সম্পাদক সুশীল আদক বলেন, এদিন সকালে দেখা যায় মণ্ডপ থেকে কালী মূর্তিটি বার করে এনে ভেঙে দেওয়া হয়েছে। কালীর সঙ্গে থাকা শিব, রাক্ষসীও ভেঙে এখানে ওখানে ফেলে দেওয়া হয়েছে।  এদিন সকালে ওই দৃশ্য দেখার পরই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা সঙ্গে সঙ্গে দোষীদের গ্রেপ্তারের দাবিতে ই রাস্তা অবরোধ করেন।পুলিস জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কী করে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করা হয়েছে। এদিনই আবার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে নতুন করে কালীপুজো করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সম্পর্কিত সংবাদ