সংবাদদাতা, ঘাটাল: নিরুদ্দেশ নয়, বয় ফ্রেন্ড নিয়েই সরস্বতী পুজোর দিনে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল ঘাটালের দশম শ্রেণির দুই ছাত্রী। পুলিসের জালে বয় ফ্রেন্ড সহ ধরা পড়ার পর জেরার মুখে পালিয়ে যাওয়ার কারণ স্বীকার করেছে। পুলিস জানিয়েছে, বুধবার বিকেলে ওই দুই ছাত্রীসহ তাদের এক নাবালক বয় ফ্রেন্ডকে পাঁশকুড়া থানার রাতুলিয়া থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছিল। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, ওই চক্রে আরও একটি ‘বড় মাথা’ ছিল। পুলিস তার খোঁজ চালাচ্ছে। এদিকে নিখোঁজ হওয়ার ৫৬ ঘণ্টা পরে মেয়েরা ফিরে আসায় ওই দুই ছাত্রীর পরিবারের লোকেদের মনে স্বস্তি ফিরেছে।
Advertisement
সরস্বতী পুজোর দিনে কুশপাতার বাসিন্দা দশম শ্রেণির দুই ছাত্রী প্রতিমা দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেনি। ঘাটাল থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিস জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই তারা মোবাইল ট্রাকিং শুরু করে। তা থেকেই জানা যায় ওই দুই ছাত্রী পুজোর দিনে কলকাতার বেশ কয়েকটি জায়গায় ঘুরেছে। কলকাতা পুলিসের সহযোগিতা নিয়ে পুলিস জায়গাগুলিও জেনেছে। বুধবার মোবাইল ট্রাক করেই রাতুলিয়ার একটি বাস থেকে দুই ছাত্রী সহ এক কিশোরকে পুলিস থানায় তুলে নিয়ে আসে। ওই দুই ছাত্রীর বিভিন্ন রকম ড্রাগের প্রতি আসক্তি রয়েছে বলে পুলিস জানতে পেরেছে।



