নিজস্ব প্রতিনিধি, কেশপুর: ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে নেই কেশপুর ব্লক। অথচ বেশি বৃষ্টি হলেই এই ব্লকের একাধিক এলাকা জলমগ্ন হয়ে যায়। গত বছর বন্যা পরিস্থিতির জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এতে ক্ষুব্ধ কেশপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা থেকে শুরু করে এলাকার মানুষ। কেশপুরবাসীর দাবি, বন্যা পরিস্থিতির জন্য কেশপুর ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতে সবচেয়ে বেশি ক্ষতি হয়। এই ব্লকের উপর দিয়ে কংসাবতী, তমাল, কুবাই, পারাং নদী বয়ে গিয়েছে। তাই ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে কেশপুর ব্লককেও যুক্ত করতে হবে। না হলে ভবিষ্যতে গোটা কেশপুর ব্লক জলের তলায় চলে যাবে। একইসঙ্গে বিঘার পর বিঘা জমির ফসলও নষ্ট হতে পারে। এবিষয়ে বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা প্রশাসনকে চিঠি দেবেন বলে জানা গিয়েছে।
Advertisement
এদিন শিউলি সাহা বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে কেশপুর ব্লককে যুক্ত করা খুবই জরুরি। এই এলাকার মানুষের কথা ভাবতেই হবে। কী কারণে এই প্রকল্প থেকে কেশপুরকে বাদ দেওয়া হল জানি না। মুখ্যমন্ত্রীও চান দ্রুত কেশপুরের মানুষের সমস্যার সমাধান করতে। এনিয়ে সমস্ত দপ্তরে চিঠি দেব। তবে সাংসদ দেব বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক বলেন, কেশপুর ব্লকের মানুষ দীর্ঘদিন বন্যার সমস্যায় ভুগছেন। জেলা প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। মানুষের সমস্যার সমাধান করতে হবে। প্রশাসনের এক আধিকারিক বলেন, কেশপুর ব্লকের সামান্য অংশ এই প্রকল্পের মধ্যে আছে। ইরিগেশন দপ্তর কেশপুরে বন্যার সমস্যার সমাধানে নানা পরিকল্পনা করছে। কোটি টাকা খরচ করে ২৬ কিলোমিটার বাঁধ সংস্কারের কাজ চলছে। সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, কেশপুরের মানুষের পাশে জেলা প্রশাসন সর্বদা থাকবে। কেশপুর নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে। সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।



