Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আজ ডেবরায় বৈঠক

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আজ ডেবরায় বৈঠক
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের ব্যাপারে মিটিং ডাকা হল ডেবরা ব্লকেও। বুধবারই রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। এই খবরে ঘাটালের সঙ্গে ডেবরাবাসীও বেজায় খুশি। আজ, শুক্রবার ডেবরা বিডিও অফিসে খড়্গপুরের এসডিও এই মিটিং ডেকেছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এটি মাস্টার প্ল্যান বাস্তবায়নে লোকাল কমিটির প্রথম বৈঠক। মিটিংয়ে স্থানীয় বিধায়ক, পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে। থাকবেন বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরাও। এসডিও পাতিল যোগেশ অশোক রাও বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় ডেবরা ব্লকের কয়েকটি পঞ্চায়েত এলাকা পড়ছে। বন্যা কবলিত সেই সব এলাকাতেও মাস্টার প্ল্যানের কাজ হবে। এর জন্য জমির প্রয়োজন হতে পারে। রবিবার ঘাটালে মূল মিটিং আছে। তার আগে আমরা এদিন প্রাথমিক আলোচনা করে নিতে চাইছি। সেইমতো আমরা ঘাটালের মিটিংয়ে বিস্তারিত জানাতে পারব। জানা গিয়েছে, ডেবরার সত্যপুর, লোয়াদা, মালিঘাটি, ভবানীপুর, ভরতপুর ও গোলগ্রাম পঞ্চায়েতের প্রধানদের এই মিটিংয়ে থাকতে বলা হয়েছে। ফি বছর বর্ষায় কাঁসাই নদী লাগোয়া এই সব এলাকায় বন্যা দেখা দেয়। এবছরও নদীবাঁধ ভেঙে বেশ কিছু এলাকা প্লাবিত হয়। ভাঙে বাড়ি ঘরও। স্থানীয় বাসিন্দাদের ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়। বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে জলে ডুবে থাকে। জলবন্দি বাসিন্দাদের নৌকা করে খাবার পৌঁছে দিতে হয়। পরে অবশ্য সেচদপ্তরের উদ্যোগে নদী বাঁধ সংস্কার করা হয়। স্থানীয় বাসিন্দাদের আশা, ঘাটাল মাস্টার প্ল্যানে এই এলাকায় কাজ হলে স্থায়ী সমাধান হবে। 
Advertisement
তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর বলেন, মুখ্যমন্ত্রীর এই  উদ্যোগে ঘাটালের সঙ্গে আমরা ডেবরার বাসিন্দারাও উপকৃত হব। এই ব্লকের ছ’টি পঞ্চায়েত এলাকার মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ