সংবাদদাতা, ঘাটাল: নানা ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখা ঘাটাল মহকুমার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাধারণতন্ত্র দিবসে ‘বর্ণপরিচয় সম্মান’ দেওয়া হল। ঘাটাল মহকুমা প্রশাসনের তরফে প্রায় ৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মান দেওয়া হয়েছে।
Advertisement
রবিবার সাধারণতন্ত্র দিবসে ঘাটাল বিদ্যাসাগর বিদ্যালয়ের খেলার মাঠে কুচকাওয়াজ হয়। তা শেষে ওই সম্মান দেওয়া হয়। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, আগামী দিনে কাজের গুণগত মান ও উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে এই সম্মান দেওয়া হয়।পরিচ্ছন্নতার নিরিখে মহকুমার সেরা হয়ে সম্মানিত হয়েছে ঘাটাল পুরসভা। প্লাস্টিক বর্জনে সেরা হওয়ায় রামজীবনপুর পুরসভা, ডেঙ্গু সচেতনতা প্রচার ও মা ক্যান্টিনের পরিষেবায় ভালো কাজ করায় ক্ষীরপাই পুরসভাকে সম্মানিত করা হয়। পরিচ্ছন্নতা বিষয়ক সরকারি প্রকল্প রূপায়ণে সেরা হয়ে চন্দ্রকোণা-২ ব্লক পুরস্কৃত হয়েছে। মহকুমার সেরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হয়েছে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল। মহকুমার সেরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র হয়েছে দাসপুর-১ ব্লকের নাড়াজোল বারুইপাড়া আইসিডিএস। সেরা প্রাথমিক স্কুল হয়েছে ওই ব্লকেরই সামাট প্রাথমিক বিদ্যালয়। মহকুমার সেরা উচ্চ প্রাথমিক বিদ্যালয় হিসেবে ঘাটাল শহরের বসন্তকুমারী বালিকা বিদ্যালয়কে এই সম্মান দেওয়া হয়।



