নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাসবিহারী অ্যাভিনিউতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। মৃতের নাম বাদল মণ্ডল (৬৮)। তিনি বারুইপুরের কেশবপুরের বাসিন্দা। সোমবার রাত সোয়া ন’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জখম হয়েছেন আরও এক পথচারী। তাঁর নাম অভিষেক দাস (৩৩)। হাওড়ার জগাছার বাসিন্দা তিনি। পুলিস জানিয়েছে, একটি ছোট পণ্যবাহী গাড়ি দুই পথচারীকে ধাক্কা মারে। গাড়িটি দ্রুত গতিতে ছিল বলে পুলিস সূত্রে খবর। ধাক্কার অভিঘাতে মাটিতে ছিটকে পড়েন বাদলবাবু। তাঁর মাথায় গুরুতর চোট লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের পুলিস। জখম অবস্থায় বৃদ্ধকে শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, আহত অভিষেককে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।



