Bartaman Logo
২৭ মে, ২০২৬

ঘুষের অভিযোগ, ধৃত মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন

ঘুষের অভিযোগ, ধৃত মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
চণ্ডীগড়: দাম্পত্য কলহ মিটিয়ে দেওয়ার বিনিময়ে এক লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। শনিবার হরিয়ানা মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন সোনিয়া আগরওয়াল ও তাঁর গাড়ির চালক কুলবীরকে গ্রেপ্তার করল সে রাজ্যের দুর্নীতি দমন শাখা। জানা গিয়েছে, এক শিক্ষক ও পেশায় পুলিসকর্মী তাঁর স্ত্রীর পারিবারিক বিবাদ মেটাতে এক লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ওই আধিকারিকের বিরুদ্ধে। আর এই টাকা হস্তান্তরের কাজে যুক্ত ছিলেন তাঁর গাড়ির চালক কুলবীর। পুলিস সূত্রে খবর, ওই শিক্ষকের স্ত্রী হরিয়ানা পুলিসের সাব ইন্সপেক্টর পদে কর্মরত। বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে ঝামেলা শুরু হয়। এর জেরে ২৫ নভেম্বর রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হন শিক্ষকের স্ত্রী। এরপর বেশ কয়েকবার শিক্ষককে ডেকে পাঠান কমিশনের ভাইস চেয়ারপার্সন সোনিয়া। ১২ ডিসেম্বর ওই আধিকারিক দাম্পত্য কলহ মেটাতে ১ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ। ওই টাকা দিতে বলা হয় তাঁর গাড়ির চালক কুলবীরের হাতে। সেইমতো ১৪ ডিসেম্বর হিসার এলাকায় ওই শিক্ষকের কাছ থেকে টাকা নেওয়ার কথা জানান কুলবীর। এরইমাঝে পুলিসের কাছে পুরো বিষয়টি জানান ওই শিক্ষক। অভিযু্ক্তদের ধরতে ফাঁদ পাতেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। দু’টি আলাদা দল তৈরি করে অভিযান চালানো হয়। একটি দল পৌঁছয় খারখোকোড়ায় সোনিয়ার কাছে। আর একটি দল পৌঁছয় হিসারে। কুলবীরকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করার পাশাপাশি খারকোড়া থেকে সোনিয়াকেও গ্রেপ্তার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ