নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইংরেজি নতুন বছরের প্রথম দিন ঘুরতে নিয়ে যেতে হবে। তার এমন বায়না মেটাতে বুধবার দুপুরে চার বছরের খুদে সন্তানকে নিয়ে বেরিয়েছিলেন দম্পতি। কিন্তু জোড়াবাগান থানা এলাকার ঘিঞ্জি মহর্ষি দেবেন্দ্র রোডে একটি দোকানের সামনে থেকে আচমকাই হাতছাড়া হয়ে যায় তাঁদের শিশুকন্যা। এরপরে হন্যে হয়ে খুঁজেও মেলেনি তাকে। প্রায় আধ ঘণ্টা পর তার খোঁজ পেল পুলিস। দুপুরেই বাবা-মায়ের তুলে দেওয়া হয় খুদেকে।
Advertisement
কলকাতা পুলিসের এক সূত্র জানিয়েছে, সেদিন দুপুরে টহলদারি চলাকালীন মহর্ষি দেবেন্দ্র রোড ও স্ট্র্যান্ড রোডের সংযোগস্থলে এক শিশুকে কাঁদতে কাঁদতে ইতস্তত ঘুরে বেড়াতে দেখা যায়। টহলদারি অফিসার সেখান থেকে খুদেকে উদ্ধার করে থানার চাইল্ড কর্নারে নিয়ে আসেন। কার সন্তান, তা নিয়ে এলাকায় চলে মাইকিং। তবে সেই মুহূর্তে কোনও সাড়া পাওয়া যায়নি। দেড়টা নাগাদ থানায় আসেন প্রবীর গুপ্তা ও রীনা গুপ্তা। বাবা-মাকে দেখেই তাঁদের কোলে ঝাঁপ দেয় চার বছরের খুদে। সব নথিপত্র যাচাই করে শিশুটিকে হস্তান্তর করা হয়।



