নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোমবার ভোরে ঘোলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অর্থদপ্তরের এক আধিকারিকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুদীপ্ত বিশ্বাস (৩৩)। তাঁর বাড়ি হেলেঞ্চার মণ্ডপঘাটা এলাকা। তবে তিনি বারাসতের হৃদয়পুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। এই মর্মান্তিক ঘটনায় হেলেঞ্চায় শোকের ছায়া নেমেছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বন্ধুদের সঙ্গে সুদীপ্তবাবু ঘোলা এলাকার একটি ধাবায় খেতে গিয়েছিলেন। দীর্ঘ সময় সেই হোটেলে তাঁরা ছিলেন। ভোর পৌনে ৫টা নাগাদ তিনি হোটেল থেকে বেরিয়ে সোদপুর-মধ্যমগ্রাম রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় দ্রুতগতিতে আসা বাইকের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, পড়াশোনায় বরাবর মেধাবী ছিলেন সুদীপ্ত। বছর ছয়েক আগে তিনি ডব্লুবিসিএস পরীক্ষা দিয়ে সেলস অ্যান্ড গুডস ট্যাক্স বিভাগে চাকরি পেয়েছিলেন। অবিবাহিত সুদীপ্তবাবু বেড়াতে ভালোবাসতেন। তাঁর এই মর্মান্তিক পরিণতি মানতে পারছেন না তাঁর সহকর্মীরা। পুলিস জানিয়েছে, ঘাতক বাইক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।



