Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোঘাটে সাবস্টেশনে ইঞ্জিনিয়ারদের কোয়ার্টারে চুরি

গোঘাটে সাবস্টেশনে ইঞ্জিনিয়ারদের কোয়ার্টারে চুরি
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোঘাটের ভিকদাসে বিদ্যুতের সাবস্টেশনে ইঞ্জিনিয়ারদের কোয়ার্টারে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে কোয়ার্টারগুলিতে চুরি হয়। রবিবার এব্যাপারে গোঘাট থানায় অভিযোগ জানানো হয়। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে সংরক্ষিত এলাকার মধ্যে থাকলেও ওই সাবস্টেশন থেকে চুরির ঘটনায় আতঙ্কিত কর্মীরা। পাশাপাশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। 
Advertisement
সাবস্টেশনের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার প্রদীপ বিশ্বাস বলেন, সাতটি কোয়ার্টারের তালা ভাঙা হয়েছে। চুরির ঘটনায় আমরা থানায় অভিযোগ জানিয়েছি। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বলেছি। আমরা চাই ঘটনার দ্রুত কিনারা হোক। 
জানা গিয়েছে, গোঘাটের ভিকদাসে ৪০০ কেভি সাবস্টেশন রয়েছে। সেখান থেকে আরামবাগ সহ বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহের কাজ চলে। সেই সাবস্টেশনের মধ্যেই রয়েছে কর্মীদের কোয়ার্টার। ওই রাতে জুনিয়র ইঞ্জিনিয়ারদের দু’টি বিল্ডিংয়ের কোয়ার্টারে চুরি হয়। আবাসিকদের দাবি, ওই রাতে ইঞ্জিনিয়ারদের কয়েকজন ডিউটি করতে গিয়েছিলেন। কয়েকজন বাড়িতে ছিলেন না। কোয়ার্টারে কেউ না থাকার সুযোগে দরজা ও তালা ভেঙে ঘরের ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। তারপর আলমারি ভেঙে সোনার গয়না সহ নগদ টাকা চুরি যায়। এক জুনিয়র ইঞ্জিনিয়ার সৌরভ সাহা বলেন, দু’টি বিল্ডিং মিলিয়ে সাতটি কোয়ার্টার থেকে নগদ টাকা ও সোনার গয়না চুরি গিয়েছে। আমাদের এক সহকর্মীর কোয়ার্টার থেকে অধিকাংশ সোনার গয়নাই চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। আমরা চাই পুলিস ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। আমরা আতঙ্কে রয়েছি। কর্মীদের আশঙ্কা, চোরের দল সাবস্টেশনের পাঁচিল টপকে ভেতরে ঢোকে। তারপর অপারেশন চালায়। 
পুলিসের এক আধিকারিক বলেন, চারটি কোয়ার্টারে চুরির অভিযোগ এসেছে। ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ