Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘দুর্দান্ত কিছু চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি’

‘দুর্দান্ত কিছু চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি’
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

‘গদর ২’-এর সাফল্যের পর ‘জাট’ মুক্তির অপেক্ষায় অভিনেতা সানি দেওল। অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আড্ডা দিলেন তিনি।

Advertisement

• বাবা (ধর্মেন্দ্র) কেমন আছেন? 
•• ভালো আছেন, এখন মুম্বইতেই রয়েছেন। মনোজ কুমারের মৃত্যুতে ভেঙে পড়েছেন। বাবা লোনাভালাতে যেতে খুব ভালোবাসেন। দিনের শেষে আমরা সকলেই হয়তো এমন একটা জায়গায় কাটাতে ভালোবাসি, যেখানে প্রকৃতির সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। এখন তো মুম্বই মানুষের জঙ্গলে পরিণত হয়েছে। তাই ভিড় থেকে পালাতে চাই সবসময়। 
• অ্যাকশন ছবিতে অভিনয় উপভোগ করেন? 
•• উপভোগ করতে না পারলে সেই ছবিতে অভিনয় করি না। আর অ্যাকশন তো সবসময়ই ভালো লাগে।
• দক্ষিণী পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? 
•• ভীষণ ভালো। এর আগে পরিচালক হনু রাঘবপুরীর সঙ্গে একটি ছবি নিয়ে আলোচনা হয়েছিল। তবে তা হয়নি। এখন তিনি সেই ছবিটি প্রভাসের সঙ্গে করছেন। তারপর পরিচালক গোপীচাঁদ (মালিনেনি) একটি গল্প নিয়ে আমার কাছে আসেন। খুব পছন্দ হয়েছিল। সেটি নিয়েই ‘জাট’ তৈরি হল। 
• দক্ষিণ ভারতের দর্শকদের থেকে আপনার প্রত্যাশা কতটা? 
•• প্রথমবার আমার অভিনীত সিনেমা গোটা ভারতে বিভিন্ন ভাষায় মুক্তি পাচ্ছে। দক্ষিণী ভাষাতেও। তাই প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। 
• নতুন পরিচালকের বিষয়ে আপনি কতটা আত্মবিশ্বাসী? 
•• এর আগেও অনেক নতুন পরিচালকের সঙ্গে কাজ করেছি। হ্যাঁ, অনেক সময়ই এমন হয় যে নতুন পরিচালকদের ছবি সাফল্য পায় না। তবে এখন সময় অনেক বদলেছে। এখন কনটেন্ট ভালো হলে দর্শক প্রেক্ষাগৃহ ভরিয়ে দেন। 
• এখন তো প্রচারের যুগ। আপনি কতটা উপভোগ করেন সময়টা? 
•• এর আগে আমি কখনওই প্রচার এত উপভোগ করিনি। ভাবতাম, কেন এটা করতে হচ্ছে? বিরক্ত হতাম। তবে এখন বুঝতে পারি, প্রচার ভীষণ গুরুত্বপূর্ণ। এখন সোশ্যাল মিডিয়ায় মানুষ ব্যস্ত থাকেন। তাই তাঁদের মনে করিয়ে দেওয়াটা জরুরি যে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে। 
• ‘গদর ২’-এর পর তো আপনার উপর মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে? 
•• দর্শকের প্রত্যাশা সবসময়ই থাকে। তাঁরা যে ধরনের ছবিতে আমাকে দেখতে চেয়েছেন, আমি সেটাই করেছি। 
• ববির (দেওল, ভাই) কেরিয়ার সম্পর্কে কী বলবেন? 
•• ও এখন অভিনেতা হিসেবে যে সাফল্যের স্বাদ পাচ্ছে, তাতে আমি খুব খুশি। একটা সময় পর্যন্ত ববি ভালো চরিত্র পেত না। আমার রাগ হতো। তবে এখন ও নেগেটিভ চরিত্র বেশি পাচ্ছে। দিনের শেষে ববিও অমরীশ পুরীর মতো চরিত্রে অভিনয় করছে। ইন্ডাস্ট্রিতে আমদের দাগিয়ে দেওয়া হয়। খল চরিত্রে সফল একজন অভিনেতা খল চরিত্রই করবে, এটাই হয়। ববির মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে, সেগুলিকে কাজেই লাগানো হল না। এটা খুব হতাশ করে। 
• এরপর তো ‘বর্ডার ২’, 
‘লাহোর ১৯৪৭’ আসছে...
•• হ্যাঁ, ‘গদর ২’ আমার কেরিয়ার গ্রাফ বদলে দিয়েছে। একের পর এক দুর্দান্ত চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি। এর পাশাপাশি ওটিটি করার জন্য মুখিয়ে রয়েছি। 
--শামা ভগত • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ