Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘তাড়াতাড়ি বিয়ে করুন, মিষ্টির বরাত যেন আমরাই পাই’, আবদার রাহুলকে

সাদা-পাকা চুল। বয়স ৫৫। তবে অনুরাগীদের কথায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখনও দেশের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। দীপাবলির দিন পুরোনো দিল্লির ঐতিহ্যবাহী ঘণ্টেওয়ালা মিষ্টির দোকানে তিনি যখন লাড্ডু-অমৃতি তৈরিতে ব্যস্ত, তখনই আবদার করে বসলেন মিষ্টি দোকানের মালিক সুশান্ত জৈন।

‘তাড়াতাড়ি বিয়ে করুন, মিষ্টির বরাত যেন আমরাই পাই’, আবদার রাহুলকে
  • ২২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সাদা-পাকা চুল। বয়স ৫৫। তবে অনুরাগীদের কথায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখনও দেশের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। দীপাবলির দিন পুরোনো দিল্লির ঐতিহ্যবাহী ঘণ্টেওয়ালা মিষ্টির দোকানে তিনি যখন লাড্ডু-অমৃতি তৈরিতে ব্যস্ত, তখনই আবদার করে বসলেন মিষ্টি দোকানের মালিক সুশান্ত জৈন। প্রিয় নেতার উদ্দেশে সুশান্ত বলে ওঠেন- ‘রাহুলজি তাড়াতাড়ি বিয়ে করুন। আমরা অপেক্ষা করছি। আপনার বিয়েতে যেন মিষ্টি তৈরির বরাত পাই।’ ১৭৯০ সালে তৈরি হয়েছিল দোকানটি। রাজধানীর প্রাচীনতম মিষ্টির দোকান থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা রাহুলের বাবা রাজীব গান্ধীর জন্মদিন ও নানা অনুষ্ঠান উপলক্ষ্যে মিষ্টি পাঠানো হত। দীপাবলির দিন সেখানেই পৌঁছোন রাহুল গান্ধী। নিজের হাতে মিষ্টি তৈরি করেন। পরে শতাব্দী প্রাচীন দোকানের ভূয়সী প্রশংসা করেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। এদিন সেই প্রসঙ্গে বিস্তারিত জানান ঘণ্টেওয়ালা মিষ্টির দোকানের মালিক সুশান্ত জৈন। তাঁর কথায়, দোকানে আসার পর রাহুলজি নিজের হাতে মিষ্টি তৈরির কথা বলেছিলেন। ওঁর বাবা অমৃতি খেতে ভালোবাসতেন। রাহুলজিকে তাড়াতাড়ি বিয়ে করার কথা বলেছি। আরও বলেছি— ওঁর বিয়ের অনুষ্ঠানে যেন মিষ্টি তৈরির বরাতটা পাই।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ