নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাগেশ্বর বাবার ‘আমিষ-বিরোধী’ বক্তব্যের আঁচ যেমন রাজনীতির আঙিনায় পড়েছে, তেমনই যথেষ্ট ক্ষুব্ধ তরুণ প্রজন্ম। তাঁদের নিজস্ব ভাষাতেই ইনস্টাগ্রাম জুড়ে প্রতিবাদে সরব হয়েছেন জেন জি। রিলসের মাধ্যমে তাঁরা তাঁদের অবস্থান স্পষ্ট করে বলছেন, ‘পুজোর সময় যা মন চায়, তাই খাব।’
দুর্গাপুজোর বিভিন্ন মুডের ছবি তুলে ধরে তাঁরা বলছেন, ‘রাঁধুনিকে রান্না শেখানোর কোনো দরকার নেই।’ আবার কারও প্রশ্ন, ‘বাঙালিকে দুর্গাপুজো শেখাবেন?’ তরুণ প্রজন্মের লোকজনের স্পষ্ট বক্তব্য, ‘পুজোর চারটি দিন মানেই দেদার পেটপুজো। বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে যা ইচ্ছা হয়, যখন ইচ্ছা হয় তাই খাব। বাইরে থেকে কেউ এসে কিছু বললে, তা কিছুতেই মেনে নেওয়া হবে না।’
রিলসের মাধ্যমে রসিকতা করে আবার কেউ বলছেন, ‘টাকা খরচা করে ঘাস-পাতা (নিরামিষ) কে খায়? আমরা তো বরাবরই মাছ-মাংস খেয়েই থাকি।’ প্রজন্মের এই প্রবল চাপ, প্রবলের ট্রোল তো চলছেই। আবার বিজেপির নেতা-মন্ত্রীরাও বাগেশ্বর বাবার ওই বক্তব্যকে খুব একটা ধর্তব্যের মধ্যে নেননি। কিন্তু বামেরা আবার এই বাগেশ্বর বাবার বক্তব্যের পিছনে বিজেপির যোগ দেখছেন। বাম ছাত্র সংগঠন এসএফআই রসিকতা করে পোস্টার তৈরি করে বলছে, ‘বাঙালিকে নিরামিষ দেখাতে এসো না।’
এই সবকিছুর ফলে, পুজোর সময় নিরামিষ খাওয়া নিয়ে বাবার নিদানকে বুড়ো আঙুল দেখাতেই প্রস্তুত হয়ে রয়েছেন জেন জি। তাঁদের যুক্তি, ‘মাদুর্গা বাপের বাড়িতে চারদিন আসেন। মেয়ে বাবার কাছে এলে, আমাদের কাছে তা উত্সব। ফলত, যা ইচ্ছা হয় তাই খাওয়া-দাওয়া হবে।’