Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

গাজায় যুদ্ধবিরতি: একমাত্র হিন্দু পণবন্দির মুক্তির আশায় পরিবার

বিস্তর টানাপোড়েনের পর গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল ও হামাস। শুক্রবার গাজার বিভিন্ন এলাকা থেকে সেনা সরাতেও শুরু করে দিয়েছে ইজরায়েল। আর তারপরেই হামাসের হাতে পণবন্দি একমাত্র ‘হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি’র বাড়ি ফেরা নিয়ে আশার আলো দেখতে শুরু করেছে পরিবার।

গাজায় যুদ্ধবিরতি: একমাত্র হিন্দু পণবন্দির মুক্তির আশায় পরিবার
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিস্তর টানাপোড়েনের পর গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল ও হামাস। শুক্রবার গাজার বিভিন্ন এলাকা থেকে সেনা সরাতেও শুরু করে দিয়েছে ইজরায়েল। আর তারপরেই হামাসের হাতে পণবন্দি একমাত্র ‘হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি’র বাড়ি ফেরা নিয়ে আশার আলো দেখতে শুরু করেছে পরিবার। ২৩ বছর বয়সি বিপিন যোশি নেপালের বাসিন্দা। পড়াশোনার সূত্রে ইজরায়েলে গিয়েছিলেন তিনি। দু’বছর আগে বিপিনকে অপহরণ করে গাজায় নিয়ে যায় হামাস। তারপর থেকে সেখানেই বন্দি রয়েছেন তিনি। হামাসের হাতে ইজরায়েল ছাড়াও অন্য দেশের নাগরিকরাও অপহৃত হয়েছিলেন। তবে তাঁদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী শুধু বিপিনই। এতদিন ধরে তাঁর কোনও সন্ধানই করে উঠতে পারেননি পরিবারের সদস্যরা। কিন্তু সম্প্রতি ইজরায়েলি সেনা গাজা থেকে হামাসের কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে। তার মধ্যে বিপিনের একটি ৩০ সেকেন্ডের ভিডিও ফুটেজও ছিল। ওই ভিডিওয় নিজের পরিচয় দিয়েছেন ওই নেপালি নাগরিক। মনে করা হচ্ছে, অপহরণের বহু পরে হামাসের নির্দেশেই ওই ভিডিও করেন তিনি। ইজরায়েলি সেনা ওই ভিডিও প্রকাশ করার পর যোশি পরিবার বিশ্বাস করতে শুরু করেছে, বিপিন এখনও জীবিত রয়েছেন। যুদ্ধবিরতির শর্ত হিসেবে সমস্ত পণবন্দিকে মুক্তি দেবে হামাস। ইজরায়েলকেও প্যালেস্তাইনের নাগরিকদের ছেড়ে দিতে হবে। বিপিনের পরিজনের আশা, বিপিনও এবার মুক্তি পেয়ে নেপালের বাড়িতে ফিরে আসবেন। এতদিন বাড়ির ছেলের মুক্তির জন্য বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে দরবার করেছেন তাঁরা। যোশি পরিবারের দাবি, বিপিন যে বেঁচে রয়েছেন, তার স্পষ্ট প্রমাণ এই ভিডিও।

Advertisement

২০২৩ সালে ৭ অক্টোবর। অতর্কিতে ইজরায়েলে আক্রমণ করে হামাস। বহু ইজরায়েলি নাগরিকের মৃত্যুর পাশাপাশি মহিলা ও শিশু সহ আড়াইশোর বেশি মানুষকে অপহরণ করা হয়। তারপরই পাল্টা গাজা আক্রমণ করে ইজরায়েলও। দু’বছর ধরে সেই রক্তক্ষয়ী সংঘাত চলেছে। ইজরায়েল জানিয়েছে, পণবন্দিদের মধ্যে ৪৭ জনকে হামাসের হাত থেকে উদ্ধার সম্ভব হয়নি। তাঁদের মধ্যে অন্তত ২০ জন এখনও বেঁচে রয়েছেন। ইজরায়েলের সংবাদমাধ্যম সূত্রে খবর, কৃষি সংক্রান্ত প্রশিক্ষণ নিতে একঝাঁক নেপালি পড়ুয়া ২০২৩ সালে ওই দেশে গিয়েছিলেন। দক্ষিণ ইজরায়েলের একটি সংস্থায় বিপিন কাজ করতেন। ৭ অক্টোবরের হামলায় হামাসের গ্রেনেড থেকে কোনওমতে প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু বিপিনের ১০ জন সহপাঠী সেদিন মারা গিয়েছিলেন। অপহরণের ঠিক আগে নেপালে এক তুতো ভাইকে মেসেজ করে বিপিন জানান, তাঁর যে কোনও কিছু হতে পারে। তারপরই আর সন্ধান পাওয়া যায়নি ওই ছাত্রের।

Advertisement
সম্পর্কিত সংবাদ