Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চাপাডাঙ্গায় পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, আগুনে ছাই ৬টি দোকান

তারকেশ্বর থানা এলাকার চাঁপাডাঙ্গায় আগুনে ভস্মীভূত হয়ে গেল ছ’টি দোকান। পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই ছড়িয়ে পড়ে আগুন।

চাপাডাঙ্গায় পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, আগুনে ছাই ৬টি দোকান
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর থানা এলাকার চাঁপাডাঙ্গায় আগুনে ভস্মীভূত হয়ে গেল ছ’টি দোকান। পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই ছড়িয়ে পড়ে আগুন। রবিবার সকালে একটি রেস্তরাঁয় সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে তা থেকেই ঘটে বিপত্তি। শুধু ওই দোকান নয়, আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে আগুন। ক্রমে তা ভয়ংকর রূপ নেয়। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ ও দমকল কর্মীরা। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুজোর আগে দোকান পুড়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। দমকল কর্মীদের অনুমান, সিলিন্ডার ফেটে যাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বাকি দু’টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে।

Advertisement

সামনে পুজো, তাই ঋণ নিয়ে ছোট্ট এই রেস্তরাঁটি সাজিয়েছিলেন ওই ব্যবসায়ী। এদিন সকালে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে দোকানিরা। দু’টি রেস্তরাঁ, একটি ফুলের দোকান, তেলেভাজার দোকান সহ মোট ছ’টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ঋণের টাকা পরিশোধ করবেন কীভাবে, তা ভেবেই কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর বিকট আওয়াজ হয়। একের পর এক সিলিন্ডার ফাটতে শুরু করে। সাতসকালে এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে চলে আসেন তারকেশ্বর থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। 
স্থানীয় বাসিন্দা অসীমকুমার জানা বলেন, সম্ভবত শর্ট সার্কিট হয়েছিল, তার মধ্যে কোনও কারণে সিলিন্ডার থেকে গ্যাস লিক করতে শুরু করে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তখন গ্যাস সিলিন্ডারগুলি একের পর এক ফাটতে শুরু করে। বিস্ফোরণের আওয়াজে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ