নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত জমির মালিক মহম্মদ শাহনওয়াজ নাম-পরিচয় পাল্টে ঘাঁটি গেঁড়েছে আবুধাবিতে। সূত্রের খবর, সেখানে সে নির্মাণ শিল্পে কাজ নিয়েছে। এই তথ্য হাতে আসার পরই তাকে ধরতে ইয়েলো কর্নার নোটিশ জারি করল লালবাজার। ভারত পোর্টালের মাধ্যমে তার বিষয়ে ইন্টারপোলের কাছে তথ্য চাওয়া হয়েছে। ২০২৪ সালের ১৩ মার্চ গার্ডেনরিচ থানা এলাকার ফতেপুরে ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতল। সেই ঘটনায় ১৩ জন মারা যান। তদন্তে উঠে আসে, বাড়িটি সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি হচ্ছিল। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়। ৮৮ দিনের মাথায় জমা পড়া চার্জশিটে জমির মালিক, প্রোমোটার সহ মোট ছ’জনকে অভিযুক্তকে দেখানো হয়। পলাতক অভিযুক্ত হিসেবে নাম রয়েছে জমির অন্যতম মালিক শাহনওয়াজের। ট্রায়াল শুরু হলেও সে অধরা। তার নামে লুক আউট জারি করা হয়।



