সংবাদদাতা, নবদ্বীপ: অক্লান্ত পরিশ্রম করে যাঁরা শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, তাঁদেরই ঘরের সামনে জমে থাকে নোংরা জল। নিকাশি নালা পরিষ্কার না হওয়ায় দিনের পর দিন জল জমে থাকছে। বাড়ছে মশার উপদ্রব, ছড়াচ্ছে দুর্গন্ধ। নবদ্বীপ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লির হাড়িপাড়ার বাসিন্দারা দুর্বিসহ জীবন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়িপাড়ায় প্রায় ৪২টি পরিবারের বসবাস। বাড়ির সামনের নিকাশি নালা দীর্ঘদিন ধরে পরিষ্কার হচ্ছে না বলে অভিযোগ। ফলে নিকাশি ব্যবস্থা অচল হয়ে পড়েছে। বাড়ির সামনে, পানীয় জলের ট্যাপের নীচে জমে থাকছে নোংরা জল। ঢাকা নর্দমার কারণে ভিতরের ময়লা ঠিকমতো পরিষ্কার করা যাচ্ছে না বলে বাসিন্দারা জানান। সন্ধ্যা নামলেই মশার উপদ্রবে বাড়ির বাইরে ঘরের ভিতরে থাকা দায় হয়ে উঠছে। আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ছটপুজো। এই পরিস্থিতিতে হরিজন পল্লির পরিবারগুলির বাড়িতে আত্মীয়স্বজন আসবেন। এনিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন।
গৃহবধূ বুরিন হাড়ির অভিযোগ, নর্দমার নোংরা ভেসে বাড়ির কাছে চলে আসে। সাপের উপদ্রবও দেখা যায়। নোংরা জল জমে থাকার দুর্গন্ধ ছড়াচ্ছে। পান্না হাড়ি বলেন, ড্রেনগুলিতে আগে নিয়মিত মশা মারার ওষুধ স্প্রে করা হত। এখন হয় না। গৃহবধূ চন্দ্রা ডোম বলেন, সন্ধ্যার পর মশার এত উপদ্রব হয় টোকা দায়। নর্দমার ঢাকা থাকায় ঠিকমতো পরিষ্কার করা যায় না। শুধু নিকাশি সমস্যা নয়, অন্যান্য পরিকাঠামো নিয়েও ক্ষোভ রয়েছে বাসিন্দাদের।
গোপাল হাড়ি বলেন, পাড়ায় পুরুষদের জন্য পাঁচটি এবং মহিলাদের জন্য পাঁচটি সরকারি শৌচাগার রয়েছে। কিন্তু, সেগুলিও নিয়মিত পরিষ্কার করা হয় না। ভিতরের ঢালাই রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। প্রবীণদের চলাফেরায় সমস্যা হচ্ছে। দীপক হাড়ি জানান, ওই রাস্তার সামনে দিয়েই পুরসভার কর্মীরা নিয়মিত যাতায়াত করেন।
দশম শ্রেণির ছাত্রী বিশাখা ডোম বলে, ১৩ তারিখ থেকে ছটপুজো শুরু। সেই সময় বাড়িতে আত্মীয়স্বজন আসবেন। তাঁদেরও সমস্যায় পড়তে হবে। এই হাড়িপাড়ারই বাসিন্দাদের একাংশ পুরসভার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। সাজনা হাড়ি বলেন, আমরা শহরের রাস্তাঘাটের নোংরা-আবর্জনা পরিষ্কার করি। অথচ আমাদের বাড়ির সামনেই আবর্জনা ও জল জমে থাকে। বৃষ্টি হলে ট্যাপের নীচে জল জমে যায়।
নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। হরিজন পল্লির সমস্যা সমাধানে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে।



