নিজস্ব প্রতিনিধি, হাওড়া: স্কুলের গেটের ঠিক সামনেই দিনের পর দিন জমে রয়েছে আবর্জনার স্তূপ। তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই জঞ্জালের পাশ দিয়েই প্রতিদিন স্কুলে যাতায়াত করতে বাধ্য হচ্ছে খুদে পড়ুয়ারা। দীর্ঘদিন ধরেই এই সমস্যার সমাধান না হওয়ায় শুক্রবার ক্ষোভে ফেটে পড়লেন লিলুয়ার স্টার্ক রোডের এক বেসরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। স্কুল ছুটির পর তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে আবর্জনা সরানোর দাবি জানান।
অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের মূল ফটকের সামনেই দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ বর্জ্য পড়ে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই আবর্জনার স্তূপ আরও বড়ো হয়েছে। দুর্গন্ধের ঠেলায় গোটা এলাকা কার্যত অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। শুধু আশ্বাসই মিলেছে, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। শুক্রবার দুপুরে স্কুল ছুটি হতেই অভিভাবকদের একাংশ স্কুলের সামনে জড়ো হয়ে প্রতিবাদে শামিল হয়। বেশ কিছু সময় ধরে বিক্ষোভ চলে। তাঁদের দাবি, অবিলম্বে জমে থাকা সমস্ত আবর্জনা অপসারণ করে এলাকায় স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, তার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলেন তাঁরা। নিজস্ব চিত্র