যোধপুর: রাজস্থানের যোধপুরে পুলিশের বিরুদ্ধে চরম নিষ্ক্রিয়তার অভিযোগ উঠল। দিনের পর দিন গণধর্ষণ ও ব্ল্যাকমেলের শিকার হয়ে দুই বোনের আত্মহত্যার ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। গত মার্চে বড় বোনের আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনার বিচার না পেয়ে ছোট বোনও একই পথ বেছে নিয়েছেন। উভয় ঘটনায় যোধপুর গ্রামীণ পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন মৃতদের পরিবারের সদস্যরা।
বছর চারেক আগে ই-মিত্র সার্ভিস সেন্টারে মহিলা কর্মীর কিছু আপত্তিকর ভিডিয়ো গোপনে রেকর্ড করে অভিযুক্তরা। সেই ভিডিয়ো ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে দিনের পর দিন ধর্ষণ করা হয়। অত্যাচার সহ্য করতে না পেরে গত ২০ মার্চ তিনি আত্মহত্যা করেন। এই ঘটনায় গত ১১ এপ্রিল তাঁর বোন মোট আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি আত্মহত্যা করবেন বলে পুলিশকে সতর্ক করেছিলেন। কিন্তু এফআইআর দায়ের হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। উলটে ছোট বোনকে টার্গেট করে অভিযুক্তরা। বড় বোনের ভিডিয়ো ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকেও ধর্ষণ করে। গত ১৫ মে ওই তরুণী একটি জলের ট্যাঙ্কের উপর উঠে পড়ে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি জানান। কিন্তু তারপরেও পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন। মর্মান্তিক এই ঘটনার পর অবশ্য প্রশাসনের তরফে উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।