২১ ফুটের ‘সাদা মা’, শান্তিপুরের বামা কালী থেকে রাজস্থানের রাধাকৃষ্ণ মন্দির
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: কালীপুজোতেও হরেক থিম নিয়ে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই চলছে বারুইপুরে। এখানকার অঙ্কুর ক্লাবের কালীপুজো এবার ৪১ বছরে পড়েছে। পুজো কমিটির কর্তা রাহুল দাশগুপ্ত বলেন, সনাতন রুদ্র পালের তৈরি ২১ ফুটের সাদা মা আমাদের আকর্ষণ। এছাড়া পুজোয় নানা সামাজিক কাজও করব আমরা। বারুইপুরের কেমিক্যাল মাঠের জাগরণী সংঘের পুজো এবার ৪৯ বছরে পড়েছে। পুজো কমিটির কর্তা কালীরাম কয়াল ও পার্থ দাস বলেন, শান্তিপুরের বামা কালী এবার আমাদের আকর্ষণ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই পুজো। বারুইপুর প্রগতি সংঘের কালীপুজোর এটা ৫৯ বছর। পুজো কমিটির কর্তা স্বপন আঢ্য বলেন, পুরনো রাজবাড়ির আদলে মণ্ডপ নির্মিত হচ্ছে। ১২ ফুটের মায়ের মূর্তি।

Advertisement

বারুইপুর সুপার স্টার ক্লাবের পুজো ৪৩ বছরে পড়েছে। পুজো কমিটির কর্তা টনি রায় বলেন, এবারের থিম হাজার আলোর মাঝে শ্যামা মাটির সাজে। মণ্ডপের ভিতরে গ্রাম বাংলার পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে আলোর কাজ মণ্ডপ জুড়ে। পাখা ঝুলছে দেওয়ালে আর ঝুড়ির ভিতরে আলো। প্রথমে থাকবে শাড়ি পড়া আটপৌরে সাজে মা শ্যামা, তারপর রয়েছে মা দুর্গা, পরে রয়েছে মা কালী। বারুইপুরের অজেয় সংঘের পুজো এবার ৬২ বছরে পড়েছে। পুজো কমিটির কর্তা অনুপ ঘোষ বলেন, রাজস্থানের রাধাকৃষ্ণের মন্দিরের আদলে তৈরি মণ্ডপে থাকবে মা। অমিয় ঘোষের পরিকল্পনায় এই মণ্ডপ নির্মিত হচ্ছে। পাশাপাশি থাকবে কুমারটুলির কালীচরণ পালের প্রতিমা।
এছাড়া বারুইপুর পুরন্দরপুর মঠ মিতালি সংঘের পুজো এবারে ৬৬ বছরে পড়েছে। পুজো কমিটির কর্তা দীপ্ত মণ্ডল ও মনোজিৎ পুরকাইত বলেন, ‘সোনার মন্দির’-এর আদলে নির্মিত মণ্ডপে ১৫ ফুটের শ্যামা মূর্তি এবার আমাদের আকর্ষণ। এছাড়াও নানা সামাজিক কাজও চলবে। বারুইপুরের বৈষ্ণব পাড়া যুবক সংঘের পুজো এবার ৫৬ বছরে পড়েছে। পুজো কমিটির কর্তা সুদীপ্ত জানা ও সুব্রত অধিকারী বলেন, এবারে থিম জাগো মা। লাল ও সাদা ফুলের কাজের মণ্ডপে ১০ ফুটের মা কালী। থাকবে সারা পাড়া জুড়ে নজরকাড়া আলোকসজ্জা। হবে রোড পেন্টিংও।