


নয়াদিল্লি, ২১ জুলাই: আজ, সোমবার থেকেই শুরু সংসদের বাদল অধিবেশন। এবারের অধিবেশনে কেন্দ্রকে একাধিক বিষয়ে চেপে ধরতে বিশেষ কৌশল নিয়েছে বিরোধীরা। অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা, ভোটার লিস্ট নিয়ে নির্বাচন কমিশনের নতুন নীতি, যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের দাবি, সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বিশেষ দাবি জানাবে বিরোধী দলগুলি। তবে তার আগেই সংসদ চত্বরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সামনে একাধিক বিষয়ে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপারেশন সিন্দুর থেকে শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা, মাওবাদীদের নিকেশ থেকে ডিজিটাল ইন্ডিয়া।
মোদি বুঝিয়ে দিয়েছেন এবারের বাদল অধিবেশন বিজয়োৎসবের মধ্য দিয়েই এগিয়ে চলবে। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘বাদল অধিবেশন আমাদের কাছে বিজয়োৎসবের মতো। এই প্রথমবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের পতাকা উড়েছে, সেটা প্রত্যেক ভারতীয়ের কাছে গর্বের বিষয়। তাই প্রত্যেক সাংসদ একসুরে এই কীর্তির প্রশংসা করবেন। গোটা বিশ্ব ভারতীয় সেনার শক্তি দেখেছে। মাত্র ২২ মিনিটের মধ্যে জঙ্গি ও তাদের নেতাদের বাড়ি একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ১০০ শতাংশ নিশানায় সফলভাবে আঘাত হানা হয়েছে অপারেশন সিন্দুর অভিযানের মাধ্যমে। মেড ইন ইন্ডিয়া সামরিক শক্তি দেখে মুগ্ধ গোটা বিশ্ব। ভারতের তৈরি অস্ত্রের দিকে গোটা বিশ্বের আগ্রহ বাড়ছে।
মাওবাদ-নকশালবাদ দেশ থেকে দ্রুত নির্মূল হচ্ছে। আমাদের নিরাপত্তা রক্ষীরা মাওবাদীদের সফলতার সঙ্গে নিকেশ করছে। বর্তমান ভারতে মাওবাদীদের প্রভাব ক্রমশ কমছে। বোমা-বন্দুকের সামনে জিতছে দেশের সংবিধান।’ একই সঙ্গে নিজের সরকারের ঢাকও এদিন ফের পিটিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘২০১৪ সালে বিজেপি যখন ক্ষমতাতে এসেছিল তখন বিশ্ব অর্থনীতিতে ভারত ছিল ১০ নম্বর স্থানে। এখন ১১ বছর বাদে ভারত বিশ্ব অর্থনীতিতে তিন নম্বর স্থান অর্জনের দিকে এগোচ্ছে। ২৫ কোটি ভারতীয় দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন। মুদ্রাস্ফীতি আগে ছিল দুই অঙ্কের ঘরে। এখন দুই শতাংশের আশেপাশে নেমে এসেছে।’