Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল ভবনে প্রায়শই আনাগোনা, ‘সাসপেন্ড’ আরাবুলকে নিয়ে গুঞ্জন

দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজের অভিযোগে চলতি বছরের ১০ জানুয়ারি সাসপেন্ড করা হয় ভাঙড়ের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে।

তৃণমূল ভবনে প্রায়শই আনাগোনা, ‘সাসপেন্ড’ আরাবুলকে নিয়ে গুঞ্জন
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজের অভিযোগে চলতি বছরের ১০ জানুয়ারি সাসপেন্ড করা হয় ভাঙড়ের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে। তবে আরাবুল কতদিন সাসপেন্ড, তার নির্দিষ্ট কোনও সময়সীমা দেয়নি দল। ‘অনির্দিষ্টকালের জন্য’ বলে উল্লেখ করা ছিল। কিন্তু ইদানীং দলের রাজ্য সদর দপ্তর তৃণমূল ভবনে প্রায়শই দেখা যাচ্ছে আরাবুলকে। ১৫ আগস্ট তৃণমূল ভবনে জাতীয় পতাকা উত্তোলনের সময় হাজির ছিলেন আরাবুল। তারপর থেকে মাঝেমধ্যেই তাঁকে তৃণমূল ভবনে আসতে দেখা যাচ্ছে। যা দেখে তৃণমূলের অন্দরে প্রশ্ন, আরাবুলের শাস্তি কি মকুব হচ্ছে? সাসপেনশন কি তুলে নেওয়া হবে? আরাবুল বলেন, ‘আমি মাঝেমধ্যে যাচ্ছি তৃণমূল ভবনে। সাসপেন্ড করা হয়েছিল। তা যাতে উঠে যায়, সেটাই আমার আবেদন।’ তবে বুধবার পর্যন্ত শাস্তি  ওঠেনি। গত ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে গোলমাল হয় ভাঙড়ে। আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার মধ্যে বেশ কয়েকবার গণ্ডগোল দলের অস্বস্তি বাড়িয়েছে। তাছাড়া আরাবুলের অন্যান্য কাজকর্মও দলকে অস্বস্তির মুখে ফেলেছে বলে মনে করেছে তৃণমূল নেতৃত্ব। সেই প্রেক্ষিতেই তাঁকে সাসপেন্ড করা হয়। আরাবুলের শাস্তি মকুব হয় কি না, এখন এটাই দেখার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ