সংবাদদাতা, আলিপুরদুয়ার: আন্তর্জাতিক মাদক পাচারচক্রের পর্দাফাঁস করল পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ভারত-ভুটান আন্তর্জাতিক সীমান্তে জয়গাঁ শহরে পুলিশের জালে ধরা পড়েছে পাচার চক্রের চারজনকে। তাদের মধ্যে দু’জন নাবালক। ধৃতদের থেকে বাজেয়াপ্ত হয়েছে ব্রাউন সুগার। যার মূল্য কয়েক লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবকের নাম মকসেদুল হক ও আরমান খান। প্রথম জনের বাড়ি শহরের ত্রিবেণীটোল ও দ্বিতীয় জনের বাড়ি গুয়াবাড়ি এলাকায়। ধৃতদের কাছ থেকে মোট ১০.৭১ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে। এছাড়া তাদের থেকে পাওয়া গিয়েছে মাদক ওজন করার একটি স্বয়ংক্রিয় মেশিন, ব্রাউন সুগার ভাগ করার একটি ছুরি। ঘটনাস্থল থেকে একটি স্কুটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পরে রাতেই পুলিশ আরও দু’জন নাবালককে গ্রেফতার করে। ওই মাদক উদ্ধারের ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে বাজেয়াপ্ত হওয়া স্কুটির কোন বৈধ কাগজপত্র নেই। জয়গাঁ থানার আইসি পালজোর শেরিং ভুটিয়া বলেন, ধৃতদের প্রত্যেককেই বুধবার আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে।