Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

দেশজুড়ে সাইবার প্রতারণার চাঁই প্রাক্তন শিক্ষক গ্রেপ্তার

দেশজুড়ে সাইবার জালিয়াতির বড়সড় পর্দাফাঁস করল কাটোয়া থানার পুলিশ। দেশের কার্যত সমস্ত রাজ্যের বহু সাইবার প্রতারণার টাকা ঢুকত কাটোয়ার প্রাক্তন স্কুল শিক্ষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

দেশজুড়ে সাইবার প্রতারণার চাঁই প্রাক্তন শিক্ষক গ্রেপ্তার
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: দেশজুড়ে সাইবার জালিয়াতির বড়সড় পর্দাফাঁস করল কাটোয়া থানার পুলিশ। দেশের কার্যত সমস্ত রাজ্যের বহু সাইবার প্রতারণার টাকা ঢুকত কাটোয়ার প্রাক্তন স্কুল শিক্ষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বৃহস্পতিবার অমলকুমার ঘোষ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ। তার বাড়ি কাটোয়ার ডাকবাংলো রোডে। ধৃতকে বৃহস্পতিবার কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে পাঁচদিন পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক। 

Advertisement

দেশজুড়ে সাইবার জালিয়াতির ঘটনা বাড়ছে। কখনও ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। কখনও আবার পার্ট টাইম চাকরি দেওয়ার নাম করে জালিয়াতি চলছে। শেয়ার মার্কেটে লগ্নির নামেও সাইবার জালিয়াতির ঘটনা ঘটে। এই সমস্ত জালিয়াতির কোটি কোটি টাকা ঢুকত কাটোয়ার ধৃত প্রাক্তন স্কুল শিক্ষক অমলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কাটোয়ার খাসি মার্কেটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার অ্যাকাউন্টে নিয়মিত টাকা ঢুকত। সেই টাকা নিয়মিত তুলেও নিত ধৃত ব্যক্তি। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সারা দেশে ধৃতের বিরুদ্ধে মোট ১৯৫টি মামলা রয়েছে। দেশের রাজধানী দিল্লি থেকে অন্ধ্রপ্রদেশ, গোয়া, জন্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, হরিয়ানা ছাড়াও কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাত সহ বহু রাজ্যের সাইবার প্রতারণার টাকা ঢুকত ধৃতের অ্যাকাউন্টে। শুধু ওই প্রাক্তন স্কুলশিক্ষকই নয়, এর সঙ্গে যুক্ত একটি বড় চক্রের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। যারা নিয়মিত ধৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখত। ধৃত অমল মুর্শিদাবাদ জেলায় সোনারুন্দি এলাকায় একটি অনাথ আশ্রম চালাত। সেই মুখোশের আড়ালেই কি জালিয়াতির কারবার চালাত? প্রশ্ন তুলেছেন অনেকে।
ধৃত প্রাক্তন স্কুল শিক্ষকের একটি ‘মিউল’ অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্ট থেকেই এ‌ই প্রতারণার চক্র চালাত। শিক্ষক হয়েও এমন প্রতারণা চক্রের সঙ্গে সে যুক্ত দেখে তাজ্জব তদন্তকারীরা। সে মিউল অ্যাকাউন্ট তৈরি করে সাইবার অপরাধীদের ভাড়া দিত নাকি নিজেই ওই বড় চক্রের মাথা হিসাবে কাজ করত, তা জানতে তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। কতদিন ধরে তার অ্যাকাউন্টে মোট কত কোটি টাকা ঢুকেছে তা খতিয়ে দেখা হচ্ছে। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশে সাতটি, জন্মু ও কাশ্মীরে চারটি, কেরলে দু’টি, মহারাষ্ট্রে আটটি জেলায় মামলা রয়েছে ধৃতের বিরুদ্ধে। প্রাক্তন স্কুলশিক্ষক হওয়া সত্ত্বেও অমল দেশজুড়ে সাইবার অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ায় স্তম্ভিত এলাকার লোকজন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ