নয়াদিল্লি, ১৬ জুলাই: দীর্ঘদিন থেকে চড়া মুদ্রাস্ফীতির চাপ সহ্য করতে হচ্ছে মার্কিন অর্থনীতিকে। এর সঙ্গে আছে বেকারত্বের সমস্যা। এই পরিস্থিতিতে মার্কিন ঋণনীতিতে আগামীদিনে কি বড়সড় কোনও পরিবর্তন আসতে চলছে? এই প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন রঘুরাম রাজন। দেশের ঋণনীতি সংস্কারে হাত দিয়েছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এই লক্ষ্যে গঠিত হয়েছে টাস্ক ফোর্স। তাতে সদস্য হিসাবে ডাক পেলেন ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম। তিনি ছাড়াও পর্যালোচনা কমিটিতে স্থান করে নিয়েছেন আরও দুই ভারতীয়- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ রাজ ছেত্তি এবং মাইক্রোসফ্টের আশা শর্মা।
২০১২ সালে নামজাদা মার্কিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ছেড়ে দেশে ফিরে আসেন রঘুরাম রাজন। যোগ দেন ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে। এর পরের বছর, ২০১৩ সালে তাঁকে রিজার্ভ ব্যাংকের গভর্নর করে তৎকালীন কেন্দ্রের ইউপিএ সরকার। রাজনের তিন বছরের মেয়াদে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে আরবিআই। বিশেষত মুদ্রাস্ফীতি মোকাবিলায় রিজার্ভ ব্যাংকের দাওয়াই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আরবিআইয়ের গভর্নর পদে মেয়াদ শেষের পরে ফের পড়াশোনার জগতে ফিরে যান বিশিষ্ট এই অর্থনীতিবিদ।
মুদ্রানীতি এবং কাজের ধরন সংস্কারে পাঁচটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান কেভিন ওয়ার্শ। এই কমিটিগুলিতে রঘুরাম রাজন ছাড়াও আছেন ব্যাংক অব ইংল্যান্ডের প্রাক্তন গভর্নর মার্ভিন কিং, ওয়ালমার্টের প্রাক্তন সিইও কার্ল ডগলাস ম্যাকমিলান, নোবেলজয়ী অর্থনীতিবিদ টমাস সার্জেন্ট এবং সিলিকন ভ্যালির ভেঞ্চর ক্যাপিটালিস্ট মার্ক আন্ডারসেন। ফেড রিজার্ভের ব্যালান্স শিট পলিসি টাস্ক ফোর্সের সদস্য করা হয়েছে রঘুরাম রাজনকে। তাঁদের কাজের পরিধি সম্পর্কে যদিও এখনও বিশদে কিছু জানায়নি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।