আলিগড়: অডি গাড়িতে বাইক আরোহীকে পিষে খুনের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড়ে গ্রেপ্তার প্রাক্তন বিজেপি জেলা সভাপতি দেবরাজ সিংয়ের ভাইপো বিক্রান্ত সিং। বুধবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আদালতে পেশ করা হলে তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাইকে করে যাচ্ছিলেন মনোজ ও কানহাইয়া নামে দুই যুবক। অভিযোগ, সেইসময় পিছন থেকে ক্রমাগত হর্ন দেওয়ায় বিক্রান্তের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের। কিছুক্ষণের মধ্যেই নিজের অডি গাড়ির গতি বাড়িতে মনোজদের বাইকে ধাক্কা মারেন বিক্রান্ত। দু’জন রাস্তায় ছিটকে পড়লে গাড়িটি পিছিয়ে এনে মনোজকে পিষে দেন তিনি। এবং ঘটনাস্থল থেকে চম্পট দেন। পরদিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মনোজের। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ এবং মোবাইলের কল ডিটেলস খতিয়ে দেখে বিক্রান্তকে শনাক্ত করে পুলিশ। তদন্তকারীদের দাবি, ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন তিনিই। কিন্তু প্রাক্তন বিজেপি নেতার ভাইপো হওয়ার সুবাদে পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করে বিক্রম। অভিযোগ, ভাইপোকে বাঁচাতে চেষ্টার খামতি রাখেননি দেবরাজও। ঘটনায় নিজের ব্যক্তিগত চালককে ফাঁসানোর চেষ্টা করেন ওই বিজেপি নেতা। বুধবার রাতে চালককে থানায় নিয়ে গিয়ে দুর্ঘটনার দায় তাঁর বলে দাবি করেন তিনি। প্রথমে চালক দায় স্বীকার করলেও পরে খুনের অভিযোগের কথা জানতে পেরে তা অস্বীকার করেন। তাঁর দাবি, বেশ কয়েক মাস ধরে তিনি গাড়ি চালাননি। মঙ্গলবার ঘটনার সময় বাড়িতেই ছিলেন। কল ডিটেলসেও তার সমর্থন মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এরপরই গ্রেপ্তার করা হয় বিক্রমকে। প্রাক্তন বিজেপি নেতার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আলিগড়ের পুলিশ সুপার নীরজ কুমার জাদৌন। তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।



