Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বিনা চিকিৎসায় জেলে মৃত্যু বাংলাদেশের প্রাক্তন জলসম্পদমন্ত্রী রমেশচন্দ্র সেনের

জেলবন্দি অবস্থায় বিনা চিকিত্সায় মারা গেলেন বাংলাদেশের প্রাক্তন জলসম্পদমন্ত্রী রমেশচন্দ্র সেন।

বিনা চিকিৎসায় জেলে মৃত্যু বাংলাদেশের প্রাক্তন জলসম্পদমন্ত্রী রমেশচন্দ্র সেনের
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: জেলবন্দি অবস্থায় বিনা চিকিত্সায় মারা গেলেন বাংলাদেশের প্রাক্তন জলসম্পদমন্ত্রী রমেশচন্দ্র সেন। পাঁচবারের সাংসদ রমেশ শনিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।

Advertisement

৮৫ বছরের রমেশ দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। সূত্রের খবর, রমেশের জন্য জেলে কোনো চিকিত্সার ব্যবস্থাই করা হয়নি। বারবার অভিযোগ উঠেছে, মহম্মদ ইউনুসের আমলে আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করে জেলে ভরা হচ্ছে। রমেশও সেই ষড়যন্ত্রের শিকার বলে দাবি বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশের।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই রমেশের বিরুদ্ধে খুন সহ তিনটি মামলা দায়ের করা হয়। তবে সেই সময় আওয়ামি লিগ নেতাদের একাংশ দেশ ছেড়ে আত্মগোপন করলেও রমেশ বাড়িতেই থেকে যান। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গোরু বাঁধার দড়ি দিয়ে রমেশের হাত বেঁধে থানায় নিয়ে যাওয়ার ছবি সেই সময় ভাইরাল হয়। আওয়ামি লিগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন রমেশচন্দ্র। ১৯৯৭ সালে প্রথমবার জিতে সংসদ সদস্য হন তিনি। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জলসম্পদমন্ত্রীর দায়িত্ব সামলান। শেষবার ২০২৪ সালের নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসন থেকে জিতেছিলেন তিনি। এবারের সংসদ নির্বাচনে ওই আসনে প্রার্থী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। তিনি রমেশচন্দ্র সেনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে লিখেছেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য, প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ রমেশচন্দ্র সেন আজ প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ