Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বক্সায় অবাধ প্রবেশে লাগাম বনদপ্তরের, চালু এন্ট্রি পাস

বক্সায় অবাধ প্রবেশে লাগাম বনদপ্তরের, চালু এন্ট্রি পাস
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে পর্যটকদের আর বেলাগাম প্রবেশ নয়। বক্সার জঙ্গলে অবাধ প্রবেশ রুখতে পর্যটকদের এবার থেকে পরিচয়পত্র দেখিয়েই নির্দিষ্ট এন্ট্রি পাস নিতে হবে। রবিবার থেকে এই নিয়ম চালু করল বনদপ্তর। যদিও এন্ট্রি পাস নিতে পর্যটকদের আগের মতোই কোনও টাকা দিতে হবে না। জঙ্গল ও বন্যপ্রাণীর সুরক্ষার স্বার্থে বক্সা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই নিয়ম জঙ্গল সাফারি করতে আসা বাইরের পর্যটকদের জন্য। স্থানীয়দের জন্য নয়। অর্থাৎ বনবস্তিবাসীদের এন্ট্রি পাস লাগবে না। 

Advertisement

এ বছরের ২২ জানুয়ারি আলিপুরদুয়ারের প্যারেডগ্রাউন্ডে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলালের কাছে তিনি জানতে পারেন, বক্সার জঙ্গলে ঢুকতে বনদপ্তরের রাজাভাতখাওয়া চেকপোস্টে পর্যটকদের কাছ থেকে টাকা নিয়ে থাকে। আর এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হন। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরের দিন ২৩ জানুয়ারি থেকে বক্সা সহ রাজ্যের সমস্ত জঙ্গল থেকে প্রবেশ মূল্য তুলে দেওয়া হয়। প্রবেশমূল্য না থাকায় উৎফুল্ল পর্যটকদের অবাধ প্রবেশ শুরু হয় বক্সায়। কিন্তু এর জেরে সাফারি করতে আসা পর্যটকদের একাংশ অনেক সময়েই জঙ্গলের নিয়মনীতি মানছেন না বলে অভিযোগ ওঠে। পর্যটকদের নাম ও পরিচয়পত্রের কোন নথিও এতদিন থাকছিল না বনদপ্তরের হাতে। এর ফলে জঙ্গল ও বন্যপ্রাণীদের সুরক্ষার বিষয়টি আলগা হয়ে পড়ায় উদ্বেগ বাড়ছিল বনকর্তাদের মধ্যে। তাই সবদিক খতিয়ে দেখে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ জঙ্গলে ঢুকতে এখন থেকে পর্যটকদের জন্য এন্ট্রি পারমিট চালু ও পরিচয়পত্র নেওয়ার সিদ্ধান্ত নিল। 
এন্ট্রি পারমিট ও পরিচয়পত্রের পাশাপাশি পর্যটকদের জঙ্গল সাফারির সময় ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির কিছু নিয়ম মানতে হবে। সাফারির সময় গাড়ির হর্ন বাজানো চলবে না। বন্যপ্রাণীদের দিকে সার্চলাইট বা স্পট লাইট জ্বালানো যাবে না। উত্যক্ত করা যাবে না। পর্যটন ব্যবসায়ীরা অবশ্য বনদপ্তরের বিনামূল্যে এই এন্ট্রি পারমিটকে স্বাগত জানিয়েছেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, বনবস্তিবাসীদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। শুধুমাত্র পর্যটকদের আধার কার্ড বা সরকারি যেকোনও পরিচয়পত্রের নথি চেকপোস্টে জমা দিয়ে এন্ট্রি পারমিট নিতে হবে। আশা করি, এ ক্ষেত্রে পর্যটকদের সহযোগিতা আমরা পাব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ