ভিনরাজ্যে বাংলা ভাষার অসম্মান নিয়ে সরব হয়েছেন টলিউডের কলাকুশলীরা। রাখিবন্ধন উৎসবেও ফের সেই রব উঠল। শনিবার ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার তরফে ভারতলক্ষ্মী স্টুডিওতে রাখির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির তারকা, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, ফেডারেশনের অন্যান্য সদস্য। এদিন সকাল ১১টা নাগাদ অনুষ্ঠান শুরু হয়। সেখানে সকলে মিলে বাংলা ভাষা বিরোধীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। স্বরূপ বলেছেন, ‘আমাদের মাতৃভাষা বাংলা। তাই যাঁরা বাংলা ভাষাকে ও বাঙালিকে অসম্মান করছেন, বাংলাভাষীদের উপর সুপরিকল্পিতভাবে আক্রমণ করছেন, তাঁরা ক্ষমার অযোগ্য। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলা বিরোধীদের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।’ বিজেপি শাসিত একের পর এক রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার করা হচ্ছে। বাংলাকেও সম্প্রতি ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনুপম রায়, রূপম ইসলামের মতো অনেকেই এর বিরোধিতা করেছেন।



