Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজো ফ্যাশনে ফুটবল: পর্তুগাল, আর্জেন্টিনা, স্পেনের জার্সি পরে প্যান্ডেল হপিং জেন জির

ক’দিন আগে ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়ে গেল। দু’দিন আগে ব্রাজিল খেলল কলকাতায়। সবমিলিয়ে ফুটবল জ্বর জাঁকিয়ে বসেছে বাঙালির শরীরে।

পুজো ফ্যাশনে ফুটবল: পর্তুগাল, আর্জেন্টিনা, স্পেনের জার্সি পরে প্যান্ডেল হপিং জেন জির
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোহম কর, কলকাতা: ক’দিন আগে ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়ে গেল। দু’দিন আগে ব্রাজিল খেলল কলকাতায়। সবমিলিয়ে ফুটবল জ্বর জাঁকিয়ে বসেছে বাঙালির শরীরে। সে জ্বর গরম করে দিয়েছে পুজো ফ্যাশনও। টি শার্টের বুকে লেখা ফুটবল খেলিয়ে দেশের নাম, প্রতীক, সঙ্গে জার্সি নম্বর। চলতি বছর পুজোয় এমনই ফ্যাশন জেন জি’র। নিউ মার্কেটের ফুটপাতে হাঁটলে তার হাতেগরম প্রমাণ। এবার নামকরা ফুটবল প্লেয়ারদের জার্সি পরে মণ্ডপ পরিক্রমা করবে তরুণরা। জার্সির মতো ডিজাইন হলেও তার কাপড় একটু অন্য। দোকানদাররা বলছেন, ড্রপ শোল্ডার কিংবা ওভারসাইজড টি শার্ট চলছে। মহিলারা গতবছরের মতো এবারও কো-অর্ড পোশাক পরবেন বলে মনে হচ্ছে। তবে আগের বছরের তুলনায় তার ডিজাইন পালটেছে।

Advertisement

কলকাতার নিউমার্কেট এখন জমজমাট। দোকানগুলিতে ঠাসা জামাকাপড়। দোকানিদের হাঁকডাকে কার্যত কান পাতা দায়। দেখা গিয়েছে, দোকানজুড়ে এমন সব ওভারসাইজড টি শার্টের ছড়াছড়ি। দেখে প্রশ্ন ওঠে, ফুটবল খেলোয়াড়ের মতো জার্সি পরে এবার পুজোর সময় বেরবেন তরুণরা? দরদাম করতে করতে লেকটাউনের এক তরুণ বললেন, ‘এবছরই বিশ্বকাপ শেষ হয়েছে। পুজো হোক বা যে কোনো সময়, আমরা সারাবছরই ফুটবল পাগল। তাছাড়া এই ফ্যাশনই এখন সবচেয়ে ভালো চলছে।’ কোন দেশের টি শার্ট বেশি বিকোচ্ছে? এক দোকানদারের কথায়, ‘কটনের টি শার্ট চলছে বেশি। পর্তুগাল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, সব দেশেরই আছে। তবে ব্রাজিল এখনও পাইনি। সব ধরনের টি শার্টই বিক্রি হচ্ছে।’ অন্যান্য বিক্রেতাদের কথায়, ‘ওভারসাইজড বা ড্রপ শোল্ডার টি শার্ট অনেকদিন আগেই ফ্যাশনে ট্রেন্ড হয়ে গিয়েছিল। কিন্তু জার্সির আদলে তৈরি টি শার্ট, তাও আবার পুজোর সময় এই ট্রেন্ডটা একেবারে নতুন।’ দাম কত? কোনো দোকানে একজোড়া ৫০০ টাকা। আবার কোথাও এক-একটি দামই সাড়ে তিনশো। ছেলেদের যেমন রয়েছে। মেয়েদেরও তেমন আছে। কোনোভাবেই পিছিয়ে নেই তাঁরা। 
গতবছর মহিলাদের জন্য কো-অর্ড সেট পুজোর ফ্যাশনের ট্রেন্ডিংয়ে চলে এসেছিল। এবছরও বাজার কাঁপাতে দেখা যাচ্ছে তাকে। কিন্তু ধরন একটু বদলেছে। কো-অর্ড বলতে, একই ডিজাইনের টপ ও প্যান্ট। গতবছর নানা রকমের প্রিন্টেট কো-অর্ড দেখা গিয়েছিল। এবছর কাপড় বদলেছে। এছাড়া পালাজো বা ঢলা প্যান্টের উপর ছোটো টপ। মূলত সাদা কিংবা অফ হোয়াইট রঙের উপর নানা রকমের আলপনা আঁকা জামা বিক্রি হচ্ছে নিউমার্কেটে। এক তরুণীর কথায়, ‘কাপড়টা খাদি ধরনের। তার উপর নানা ডিজাইন। আগেরবারের তুলনায় এটা দেখতে ভালো।’ দোকানদাররা বলছেন, ‘নানা ধরনের কো-অর্ড আছে। দাম মোটামুটি সাড়ে তিনশো থেকে শুরু।’

Advertisement
সম্পর্কিত সংবাদ