Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরের অভিজাত হোটেলে পচা, বাসি খাবার, নোটিস ধরাল খাদ্য সুরক্ষা দপ্তর

অভিজাত হোটেল। খাবারের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে। আর সেখানেই কি না পচা, বাসি, দুর্গন্ধযুক্ত খাবার! ঘটনা ঘিরে শোরগোল খড়্গপুরে

খড়্গপুরের অভিজাত হোটেলে পচা, বাসি খাবার, নোটিস ধরাল খাদ্য সুরক্ষা দপ্তর
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: অভিজাত হোটেল। খাবারের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে। আর সেখানেই কি না পচা, বাসি, দুর্গন্ধযুক্ত খাবার! ঘটনা ঘিরে শোরগোল খড়্গপুরে। চলছে ‘খাদ্য সুরক্ষা সপ্তাহ’। বৃহস্পতিবার খড়্গপুর শহর ও গ্রামীণ এলাকার অভিজাত সব হোটেল, বার ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। প্রায় প্রতিটি হোটেল থেকেই উদ্ধার হয়েছে পচা ও বাসি খাবার। ভাত, চাউমিন, মাংস থেকে ফ্রায়েড রাইস, রুটি সবকিছুর গুণমান নিয়েই প্রশ্ন তোলেন আধিকারিকরা। বিপুল পরিমাণ খাবার-দাবার এদিন নষ্ট করা হয়। বেশকিছু খাবারের নমুনাও সংগ্রহ করেন আধিকারিকরা। হোটেল কর্তৃপক্ষকে ধরানো হয়েছে নোটিস। এরপর শুনানি করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার উপমুখ্য স্বাস্থ্য অধিকারিক তথা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক সুদীপ মণ্ডল।

Advertisement

এদিন, খড়্গপুর গ্রামীণের চৌরঙ্গি সংলগ্ন একাধিক অভিজাত ও বিলাসবহুল হোটেলে অভিযান চালানো হয়। সেই সঙ্গেই জাতীয় সড়কের পাশে বেশ কয়েকটি বার ও রেস্টুরেন্টেও অভিযান চালানো হয়। নামকরা ওই সমস্ত হোটেল থেকে পচা ও বাসি খাবার উদ্ধার হওয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ওই সমস্ত হোটেলের মালিক ও কর্মীদের এদিন কড়া ভাষায় ভর্ৎসনা করেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। দেওয়া হচ্ছে চরম হুঁশিয়ারিও। খড়্গপুর শহরের বাসিন্দা রাজা শিট, অর্পিতা মাইতি প্রমুখ বলেন, ‘নামীদামি ওই হোটেলগুলিতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরাও ওঠেন বলে শুনেছি। খাবারের দামও লাগামছাড়া। সেখানে এই ধরনের ঘটনা, ভাবাই যায় না!’ একটি হোটেলের ম্যানেজার বলেন, ‘ওঁরা নোটিস দিয়েছেন। আমরা জবাব দেব। ভবিষ্যতে কিছু বিষয় আমরা লক্ষ্য রাখব।’ 
 খড়গপুরের বিভিন্ন হোটেল ও রেস্তরাঁয় হানা খাদ্য সুরক্ষা দপ্তরের অফিসারদের।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ