Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশন ব্যবস্থা পরিচালনা ও ধান কেনায় জোর দিতে খাদ্যদপ্তরে নয়া পদ

রাজ্য খাদ্যদপ্তরের শীর্ষ পর্যায়ে একটি বিশেষ পদ তৈরি করা হল। চিফ কমিশনার (মনিটরিং অ্যান্ড সুপারভিশন)

রেশন ব্যবস্থা পরিচালনা ও ধান কেনায় জোর দিতে খাদ্যদপ্তরে নয়া পদ
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য খাদ্যদপ্তরের শীর্ষ পর্যায়ে একটি বিশেষ পদ তৈরি করা হল। চিফ কমিশনার (মনিটরিং অ্যান্ড সুপারভিশন) নামে ওই পদ সৃষ্টির জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তিও জারি করেছে খাদ্যদপ্তর। কোনও প্রবীণ সরকারি আধিকারিককে ওই পদে সর্বোচ্চ তিন বছরের জন্য নিয়োগ করা হবে। খাদ্যদপ্তরের দু’টি প্রধান কাজ হল রেশন ব্যবস্থা পরিচালনা ও চাষিদের কাছ থেকে ধান কেনা। এই দু’টি ক্ষেত্রে ওই আধিকারিকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। বামফ্রন্ট সরকারের সময়ে খাদ্যদপ্তরের ডিরেক্টর জেনারেল (ফুড) নামে একটি পদে একজন প্রবীণ আইএএস আধিকারিককে নিয়োগ করা হতো। খাদ্যদপ্তরের প্রধান সচিবের পাশাপাশি সেই আধিকারিকও দপ্তর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন। কিন্ত গত কয়েক বছর ধরে খাদ্য দপ্তরের ডিরেক্টর জেনারেল (ফুড) পদেই কাউকে নিয়োগ করা হয়নি। নতুন পদ সৃষ্টির জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে চিফ কমিশনার পদে নিযুক্ত হওয়ার জন্য কী কী যোগ্যতা লাগবে, তা বলা হয়েছে। কেন্দ্র বা রাজ্যের সিভিল সার্ভিসে কাজ করা আধিকারিকের খাদ্য, কৃষি প্রভৃতি ক্ষেত্রে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অবসরের পর কোনও আধিকারিককে নিয়োগ করার সুযোগ থাকছে। তবে সর্বাধিক ৬২ বছর বয়স পর্যন্ত তিনি এই পদে থাকতে পারবেন। চিফ কমিশনার নিয়োগের জন্য রাজ্য সরকার একটি সার্চ কমিটি গঠন করবে। কমিটির প্রধান হবেন রাজ্যের মুখ্যসচিব। খাদ্য এবং  কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের প্রধান সচিব সার্চ কমিটিতে থাকবেন। কমিটির সুপারিশের পর মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়েই চিফ কমিশনারের নাম চূড়ান্ত করা হবে। ওই পদে আড়াই লক্ষ টাকা মূল বেতন সহ কিছু সুযোগ সুবিধা নির্দিষ্ট করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী,  অবসরপ্রাপ্ত আধিকারিকের ক্ষেত্রে পেনশনের টাকা মূল বেতন থেকে বাদ যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ