Bartaman Logo
৯ জুন, ২০২৬

যত্রতত্র খাবার ফেলা যাবে না, নয়া নিয়ম সুপ্রিম কোর্ট চত্বরে, পথকুকুর-কাণ্ডে সরব রাহুল, জন আব্রাহাম

রাজধানী ও সংলগ্ন এলাকা থেকে পথ কুকুরদের সরিয়ে শেল্টারে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ নির্দেশ ঘিরে দেশজুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এরইমধ্যে শীর্ষ আদালত চত্বরেও পথকুকুরের অবাধ গতিবিধি রুখতে জারি হল নির্দেশিকা।

যত্রতত্র খাবার ফেলা যাবে না, নয়া নিয়ম সুপ্রিম কোর্ট চত্বরে, পথকুকুর-কাণ্ডে সরব রাহুল, জন আব্রাহাম
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজধানী ও সংলগ্ন এলাকা থেকে পথ কুকুরদের সরিয়ে শেল্টারে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ নির্দেশ ঘিরে দেশজুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এরইমধ্যে শীর্ষ আদালত চত্বরেও পথকুকুরের অবাধ গতিবিধি রুখতে জারি হল নির্দেশিকা। কোর্ট চত্বরে কুকুরদের খাবার দেওয়ার উপর টানা হল লাগাম।  মঙ্গলবারের নির্দেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট চত্বর তো বটেই, ভিতরের করিডোর ও এমনকী লিফটের ভিতরেও পথকুকুরদের আনাগোনা বেড়ে গিয়েছে। তার কারণ, লোকজন উচ্ছিষ্ট খাবার খোলা জায়গায় ফেলে দেন। আর তা খেতেই চলে আসে পথ কুকুররা। এব্যাপারে শীর্ষ আদালতের নির্দেশ, খাওয়ার পর অবশিষ্ট খাবার শুধুমাত্র ডাকনা যুক্ত ডাস্টবিনে ফেলতে হবে। কোনওভাবেই উচ্ছিষ্ট খাবার খোলা জায়গা বা পাত্রে ফেলা যাবে না। এই নির্দেশ মানা হলে কুকুরদের আনাগোনা কমবে। ফলে কুকুরে কামড়ানোর ঘটনা কমবে। বজায় থাকবে স্বাস্থ্যবিধিও। 

Advertisement

সোমবার দিল্লি-রাজধানী সংলগ্ন এলাকা থেকে আট সপ্তাহের মধ্যে রাস্তার সমস্ত সারমেয়কে সরকারি শেল্টারে পাঠাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই নির্দেশ ঘিরে বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। এক্স হ্যান্ডলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, অবলা প্রাণীরা এমন বড় কোনও সমস্যা নয় যে ওদের সরিয়ে ফেলতে হবে। সারমেয়দের জন্য পর্যাপ্ত আশ্রয়স্থল, নির্বীজকরণ, ভ্যাকসিন প্রদানের মাধ্যমে পথঘাট সুরক্ষিত রাখা সম্ভব। আর তা কোনওরকম নিষ্ঠুরতা ছাড়াই সম্ভব। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। 
ক্ষোভ ছড়িয়েছে বলিপাড়াতেও। জন আব্রাহাম, জাহ্নবী কাপুর থেকে বরুণ ধাওয়ানের মতো তারকা ওই নির্দেশ পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছেন।  ‘মাদ্রাজ ক্যাফে’র অভিনেতা জন তাঁর আর্জিতে বলেন, ‘পথ কুকুররা এক একটি এলাকার সদস্য হয়ে উঠেছে। ওদেরকে এলাকার বাসিন্দারা ভীষণ ভালোবাসেন। তেমনি ওরাও দিল্লির বাসিন্দা হয়ে উঠেছে।’ জাহ্নবী ও বরুণও বলেছে, যাদেরকে বিপদ বলা হচ্ছে, আমরা তাঁদের হৃদস্পন্দন বলি। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথায়, পথ কুকুরদের দত্তক নেওয়া যেতে পারে। আমি নিজেও নেব। খুব বেশি খরচের ভার চাপবে না।  ওরা সবসময় আপনার পাশে থাকবে।

সম্পর্কিত সংবাদ