Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরের নদীগুলির জলস্তরের উপর নজর রাখতে ফ্লাড কন্ট্রোল রুম চালু

পাহাড়ি নদীগুলির জলস্তরের উপর নজর রাখতে কন্ট্রোল রুম চালু করল সেচদপ্তর। রবিবার জলপাইগুড়িতে ওই রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম চালু করা হয়।

উত্তরের নদীগুলির জলস্তরের উপর নজর রাখতে ফ্লাড কন্ট্রোল রুম চালু
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাহাড়ি নদীগুলির জলস্তরের উপর নজর রাখতে কন্ট্রোল রুম চালু করল সেচদপ্তর। রবিবার জলপাইগুড়িতে ওই রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম চালু করা হয়। এখান থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার উপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলির উপর নজর রাখা হবে। সিকিম ও ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে উত্তরের নদীগুলিতে কতটা জল বাড়ছে, এই কন্ট্রোল রুম থেকে নজর রাখা হবে সেদিকে। নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে কোথাও বন্যা পরিস্থিতি আশঙ্কা থাকলে আগেভাগেই তা জানিয়ে দেওয়া হবে এখান থেকে। এছাড়া নদীগুলির জলস্তর কখন কী অবস্থায় রয়েছে, তা জানান দিতে জারি করা হবে সতর্কতা। 

Advertisement

সেচদপ্তরের উত্তর-পূর্বের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক বলেন, ২৪ ঘণ্টা চালু থাকবে ওই কন্ট্রোল রুম। সিকিম ও ভুটান পাহাড়ে কত বৃষ্টি হচ্ছে, নির্দিষ্ট সময় অন্তর তার তথ্য নেওয়ার পাশাপাশি সমতলে কোথায়, কতটা বৃষ্টি হচ্ছে এবং তার জেরে নদীগুলির জলস্তর কেমন রয়েছে, তা জানানো হবে। 
সেচদপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের যে চার জেলার জন্য ওই ফ্লাড কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই অঞ্চলে ছোট-বড় মিলিয়ে দেড়শোরও বেশি নদী রয়েছে। এরমধ্যে কন্ট্রোল রুম থেকে তিস্তা, তোর্সা, জলঢাকা, সঙ্কোশ, রায়ডাক, মহানন্দা সহ ১২টি বড় নদীর জলস্তরের উপর বিশেষভাবে নজর রাখা হবে। সেচদপ্তরের উত্তর-পূর্বের চিফ ইঞ্জিনিয়ার বলেন, নদীবাঁধের ভাঙন ও প্লাবন পরিস্থিতির মোকাবিলায় আমরা ১২টি ক্যুইক রেসপন্স টিম গঠন করেছি। কোনও জায়গায় বাঁধ দুর্বল হয়ে পড়ার খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছে যাবে ওই টিম। দ্রুত যাতে নদী ভাঙন ও বাঁধ মেরামতির কাজ শুরু করা যায়, সেজন্য একাধিক জায়গায় প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখা হয়েছে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ