Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অত্যাধুনিক পাঁচটি মেশিন, বালুরঘাট জেলা হাসপাতালে নতুন রূপে ডায়ালিসিস ইউনিট

অত্যাধুনিক পাঁচটি মেশিন, বালুরঘাট জেলা হাসপাতালে নতুন রূপে ডায়ালিসিস ইউনিট
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট জেলা হাসপাতালে নতুন রূপে চালু হল  ডায়ালিসিস ইউনিট। পাঁচটি অত্যাধুনিক ডায়ালিসিস মেশিন দিয়ে এবার নতুনভাবে চালু হল এই ইউনিট। ঝাঁ চকচকে উন্নতমানের বেড ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান সহ একাধিক পরিকাঠামো নিয়ে ইউনিটটি বৃহস্পতিবার থেকে চালু হল। এদিন এই ইউনিটের উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, হাসপাতাল সুপার কৃষ্ণেন্দুবিকাশ বাগ সহ অন্যান্যরা সেসময় উপস্থিত ছিলেন। ইউনিটটি চালুর পর হাসপাতালে ঘুরে চিকিৎসা পরিষেবা দেখেন জেলাশাসক। তিনি রোগীদের প্রশ্ন করেন, সমস্যা হচ্ছে কি না? জেলা হাসপাতালের নবনির্মিত তিন তলা ভবনের মেল মেডিসিন ওয়ার্ডে এসি বসানো হয়েছে। ওই ওয়ার্ড ঘুরেও রোগীদের খোঁজখবর নেন জেলাশাসক। 
জেলাশাসক বলেন, ডায়ালিসিস ইউনিট আগেই ছিল। নতুন করে ইউনিটটি খোলা হল। এদিন থেকেই পরিষেবা চালু হয়েছে। হাসপাতালে ঘুরে পরিষেবা দেখেছি।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, বালুরঘাট জেলা হাসপাতালে ডায়ালিসিস বিভাগ পিপিই মডেলে চলে। আগে একটি সংস্থা দায়িত্বে ছিল। এখন নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই সংস্থা নতুন পাঁচটি বেডযুক্ত অত্যাধুনিক মেশিন এনেছে। নতুন আরও প্লান্ট ও অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছে। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে একজন নেফ্রলজিস্ট পরামর্শ দেবেন। 
হাসপাতাল সূত্রে খবর, আগেও হাসপাতলে ডায়ালিসিস ইউনিট ছিল। যা একটি সংস্থার মাধ্যমে চলত। সম্প্রতি ওই ইউনিটের দায়িত্ব নতুন একটি সংস্থা নিয়েছে। পুরনো জায়গার পরিবর্তে নতুন জায়গায় ইউনিটটি স্থানান্তরিত করা হয়েছে। আগে ডায়ালিসিস বিভাগে একজন নেফ্রলজিস্ট থাকার কথা থাকলেও বর্তমানে একজনও নেই। নতুন সংস্থা দায়িত্ব নিয়ে এবার অত্যাধুনিক মেশিন এনেছে। এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একজন নেফ্রলজিস্টও সহায়তা করবেন বলে জানা গিয়েছে। বর্তমানে নতুন সংস্থা নতুন জায়গায় তথা পুরনো হাসপাতালের সিসিইউ বিভাগের পাশে ইউনিটটি খুলেছে। ওই ইউনিটে থাকছে বাড়তি সুবিধা। জটিল ও হাইপাটাইসিস রোগীদের ক্ষেত্রে আলাদা মেশিনে ডায়ালিসিস করার ব্যবস্থা রাখা রয়েছে। এবিষয়ে ডায়ালিসিস বিভাগে চিকিৎসা করতে আসা এক রোগীর আত্মীয় প্রিয়া সরকার বলেন, ডায়ালিসিস বিভাগের মেশিনগুলি একেবারেই ভালো ছিল না। নতুন পরিকাঠামোযুক্ত এই বিভাগ চালু হয়েছে। দেখে ভালো লাগছে। এখন পরিষেবা কেমন হবে, তা দেখতে হবে।

Advertisement

(ডায়ালিসিস ইউনিটের উদ্বোধনে জেলাশাসক বিজিন কৃষ্ণা। - নিজস্ব চিত্র।)

Advertisement
সম্পর্কিত সংবাদ