Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রাথমিক বিদ্যালয় থেকে উদ্ধার পাঁচ ফুট লম্বা চন্দ্রবোড়া, আতঙ্ক

প্রাথমিক বিদ্যালয় থেকে উদ্ধার পাঁচ ফুট লম্বা চন্দ্রবোড়া, আতঙ্ক
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহে সরকারি আবাসন চত্ত্বর যেন সাপের আঁতুড়ঘর। ইংলিশবাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে সরকারি আবাসনের ভিতরে রেন্টাল হাউসিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়। বুধবার সেখানে স্কুলের ক্লাসরুম থেকে উদ্ধার হল বিশালাকৃতির চন্দ্রবোড়া। যার দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।

Advertisement

অভিযোগ, এই স্কুল থেকে সাপ উদ্ধারের ঘটনা প্রথম নয়। বারবার বিষধর সাপ বেরিয়ে আসায় এক প্রকার বন্ধের মুখে স্কুলের পঠনপাঠন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালি মণ্ডল বলেন, সাপের ভয়ে বাচ্চারা স্কুলে আসে না। বুধবার সকাল একটা বিশালাকার বিষধর সাপকে স্কুলের বারান্দা থেকে ক্লাসরুমের ভিতর ঢুকতে দেখা যায়। খবর পাওয়া মাত্রই বন দপ্তরকে খবর দিয়েছিলাম।
প্রধান শিক্ষিকা আরও জানান, সাপের ভয়ে বাচ্চারা বহুদিন ধরেই স্কুলে আসে না। ফলে পড়ুয়ার অভাবে স্কুল বন্ধ হওয়ার মুখে। এই পরিস্থিতিতে তিনি বুঝতে পারছেন না কী করবেন। বিষয়টি প্রধান শিক্ষিকা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। 
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে,এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে প্রথম থেকে চতুর্থ শ্রেণির পরীক্ষা রয়েছে। সাপের উপদ্রব ও আতঙ্কে স্কুল কার্যত বন্ধ থাকায় কীভাবে তাঁরা বাচ্চাদের পরীক্ষা নেবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। কারণ আগেও বহুবার এই স্কুল থেকে বিষধর সাপ উদ্ধার হয়েছে। বিদ্যালয়ের ক্লাসরুমের ভিতর বড় বড় সাপের গর্ত রয়েছে বলেও অভিযোগ। অন্ধকার স্যাঁতসেঁতে ঘর। পঠনপাঠনের পাশাপাশি মিডডে মিলও এক প্রকার বন্ধ হওয়ার মুখে। 
স্কুলের এই সমস্যার কথা স্বীকার করে বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) মলয় মণ্ডল বলেন, পাশের কোনও বিল্ডিংয়ে স্কুলটি স্থানান্তরিত করার চিন্তা ভাবনা করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ