Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল’, ভারত-পাক সংঘর্ষবিরতি প্রসঙ্গে নয়া দাবি ট্রাম্পের, সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে সরব কংগ্রেস

তাঁর মধ্যস্থতাতেই থেমেছে ভারত-পাকিস্তান যুদ্ধ। ফের একই দাবি ডোনাল্ড ট্রাম্পের। আর এবার একধাপ এগিয়ে মার্কিন প্রেসিডেন্ট বললেন, ভারত-পাক সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল।

‘পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল’, ভারত-পাক সংঘর্ষবিরতি প্রসঙ্গে নয়া দাবি ট্রাম্পের, সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে সরব কংগ্রেস
  • ২০ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

ওয়াশিংটন ও নয়াদিল্লি: তাঁর মধ্যস্থতাতেই থেমেছে ভারত-পাকিস্তান যুদ্ধ। ফের একই দাবি ডোনাল্ড ট্রাম্পের। আর এবার একধাপ এগিয়ে মার্কিন প্রেসিডেন্ট বললেন, ভারত-পাক সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। সংসদের বাদল অধিবেশন শুরুর ঠিক আগে ট্রাম্পের এই নয়া দাবিতে ফের রাজনৈতিক উত্তাপ চড়েছে। শনিবার কংগ্রেসের দাবি, গত ৭০ দিন ধরে মোট ২৪ বার ট্রাম্প ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে কৃতিত্ব দাবি করলেন। এবার অন্তত স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদে বিবৃতি দিয়ে গোটা বিষয়টি স্পষ্ট করা উচিত। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এদিন এক্স হ্যান্ডলে লেখেন, ‘মোদিজি, এই পাঁচটি জেটের নেপথ্যে সত্যিটা কী? দেশের জানার অধিকার রয়েছে।’ সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। তিনি বলেছেন, ‘দেশের করদাতাদের অর্থে রাফাল বিমান কেনা হয়েছিল ২৫ কোটি ডলারের বিনিময়ে। আমরা জানি অন্তত একটি রাফাল বিমান ভেঙে পড়েছিল। এখন ট্রাম্প বলছেন পাঁচটি জেট (সবগুলি রাফাল নয়) ধ্বংস হয়েছিল। অপারেশন সিন্দুর পরবর্তী তথ্য কি দেশের প্রাপ্য নয়?’ 

Advertisement

অপারেশন সিন্দুরের আবহেই গত ১০ মে ট্রাম্প দাবি করেন, তাঁর মধ্যস্থতায় পরমাণু শক্তিধর দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সেই শুরু। তাঁর দাবি ভারত অস্বীকার করলেও ট্রাম্প থামেননি। শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান সেনেটরদের জন্য আয়োজিত নৈশভোজে একই দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ভারত, পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় চারটে বা পাঁচটা... আমার মতে পাঁচটা জেট ধ্বংস হয়েছিল। মনে হচ্ছিল, এই যুদ্ধ থামবে না। কিন্তু বাণিজ্যের কথা বলে আমরা সমাধান করি। আমরা বলি, কিন্তু তোমরা যদি পরস্পরকে অস্ত্র ছুড়তে থাকো, হয়তো পরমাণু অস্ত্রও ছুড়তে পার, তাহলে আমরা তোমাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করব না।’
ভারত না পাকিস্তান, ঠিক কোন দেশের পাঁচটি বিমান ধ্বংস হয়েছিল তা স্পষ্টভাবে জানাননি ট্রাম্প। ভারতীয় বায়ুসেনার ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে দিল্লির শীর্ষস্তর থেকে এখনও সুস্পষ্টভাবে কিছু জানানো হয়নি। যদিও রাফাল বিমান প্রস্তুতকারী সংস্থা দাসোঁর শীর্ষকর্তা সম্প্রতি জানান, অপারেশন সিন্দুর চলাকালীন প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি রাফাল বিমান ভেঙে পড়েছিল। এরই মধ্যে ট্রাম্পের নয়া দাবি ঘিরে জল্পনা তুঙ্গে। এই ইস্যুতে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘বাদল অধিবেশনের দু’দিন আগে ফের মিসাইল ছুড়লেন ট্রাম্প।’ তিনি বিষয়টি নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ