সংবাদদাতা, কাকদ্বীপ: কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের লোথিয়ান দ্বীপের কাছে। মৃত মৎস্যজীবীর নাম হরিপদ সামন্ত (৭৭)। বাড়ি নামখানা থানার দক্ষিণ চন্দনপিঁড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দারা নৌকায় করে গিয়ে বিভিন্ন জঙ্গলের কাছাকাছি নদীর খাঁড়িতে কাঁকড়া ধরেন। কাঁকড়া ধরে চার থেকে পাঁচদিন পর তাঁরা বাড়িতে ফিরে আসেন।
সেই মতো শুক্রবার স্ত্রীকে সঙ্গে নিয়ে নৌকা করে জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন হরিপদবাবু। শনিবার ভোর থেকে তাঁরা দু’জনে মিলে জঙ্গলে কাঁকড়া ধরতে শুরু করেন। রাতে নৌকায় ফিরে আসেন। এরপর রবিবার ভোরে ঘুম থেকে উঠে আবারও দু’জনে কাঁকড়া ধরতে যান। এদিন জঙ্গলের উত্তর দিকে হরিপদবাবু কাঁকড়া ধরতে গিয়েছিলেন। আর দক্ষিণ দিকে গিয়েছিলেন তাঁর স্ত্রী কাজল সামন্ত। দুপুরের দিকে নদীতে ভাটা পড়লে কাজলদেবী নৌকায় ফিরে আসেন। কিন্তু হরিপদবাবু আর ফিরে আসেননি। শেষ পর্যন্ত কাজলদেবী জঙ্গলের ভিতরে স্বামীকে খুঁজতে বের হন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি স্বামীকে খুঁজে পাননি। শেষে নৌকাতে ফিরে আসেন। এরপর তিনি একাই জঙ্গলের পাশে নদীর পাড়ে থাকা নৌকায় সারারাত কাটান। সোমবার সকালে ফের তিনি স্বামীর খোঁজে জঙ্গলে যান। তখন তিনি একটি ফাঁকা জায়গায় স্বামীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই পরিস্থিতিতে ঘন জঙ্গলের পাশে কাজলদেবী দিশাহারা হয়ে পড়েন।
তিনি বলেন, ওই নির্জন এলাকা থেকে তখন কীভাবে একা বাড়ি ফিরব, বুঝে উঠতে পারছিলাম না। শেষ পর্যন্ত জোয়ারের পড়ন্ত সময়ে নৌকার দড়ি খুলে দিই। তখন স্রোতের টানে ভাসতে ভাসতে পাথরপ্রতিমার রাক্ষসখালিতে গিয়ে পৌঁছই। সেই এলাকার বাসিন্দারা সব শুনে বাড়িতে পৌঁছে দিয়েছেন। বিষয়টি আমরা
বনদপ্তরকে জানিয়েছি। বনদপ্তরের কর্মীরা স্বামীর মৃতদেহ উদ্ধার করে আনেন।