Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরের মেলায় আগুন, পুড়ে ছাই একাধিক দোকান

বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল মেলার একাধিক দোকান। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে, শ্যামপুরের খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের নস্করপুরে

শ্যামপুরের মেলায় আগুন, পুড়ে ছাই একাধিক দোকান
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল মেলার একাধিক দোকান। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে, শ্যামপুরের খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের নস্করপুরে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। নস্করপুরে বিশালাক্ষ্মী মাতার নীল পুজোকে কেন্দ্র করে বসে বহু প্রাচীন মেলা। উৎসব একদিনের হলেও একে কেন্দ্র করে মেলা বেশ কিছুদিন ধরে চলে। বুথবার গভীর রাতে আচমকা মেলায় থাকা অস্থায়ী দোকানগুলিতে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে সেগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা পাম্প সেট দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে অনেক দোকান ছাই হয়ে যায়। স্থানীয় খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল সামন্ত জানান, বুদ্ধ পূর্ণিমার দিন থেকে নস্করপুর গ্রামে এই মেলা বসেছিল। এখন ভাঙা মেলা চলছিল। বুধবার রাতের অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতিও হয়েছে। শ্যামপুর থানা নাগরিক উন্নয়ন ফোরামের সম্পাদক উত্তম রায়চৌধুরী বলেন, ব্রিটিশ আমল থেকে এই মেলা চলছে। বিভিন্ন ধরনের নকশা করা হাতপাখা এই মেলার অন্যতম আকর্ষণ। আগুনে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে আমরা ফোরামের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপূরণ এবং ব্যাঙ্ক ঋণ দেওয়ার আবেদন জানাচ্ছি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ