Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আদালতের সময় নষ্ট করায় জরিমানা ১০ হাজার টাকা

ঠিক সে সময় অভিযুক্তরা অন্য এজলাসে মামলা স্থানান্তরিত করার আর্জি জানালেন।

আদালতের সময় নষ্ট করায় জরিমানা ১০ হাজার টাকা
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি খুনের মামলার শুনানি শেষ পর্যায়ে পৌঁছেছে। ঠিক সে সময় অভিযুক্তরা অন্য এজলাসে মামলা স্থানান্তরিত করার আর্জি জানালেন। যদিও কোর্টের পর্যবেক্ষণ, মামলায় সাজা হতে পারে এই আশঙ্কায় অভিযুক্ত পক্ষ এজলাস পরিবর্তন করতে চাইছে। এরপর ক্ষুব্ধ বিচারক অভিযুক্তদের আর্জি নাকচ করেন। পাশাপাশি আদালতের সময় নষ্ট করার জন্য তিন অভিযুক্তকে দশ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেন। সে টাকা লিগ্যাল এইডকে দিতে বলেন। তাঁর মন্তব্য, ওই টাকা আইনি সমস্যায় পড়া দুঃস্থদের জন্য খরচ করা হবে।

Advertisement

সম্প্রতি উত্তর ২৪ পরগনার বনগাঁর দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রদীপকুমার অধিকারী এই নির্দেশ দেন। আইনজীবীদের বক্তব্য, ‘এই কড়া নির্দেশ এককথায় দৃষ্টান্ত হয়ে থাকল।’ আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় একটি খুনের ঘটনা ঘটে। সেই মামলায় পুলিস তিনজনকে অভিযুক্ত হিসেবে সাব্যস্ত করে। তাঁদের মধ্যে একজন জেল হেফাজতে রয়েছেন। বাকি দু’জন জামিনে। মামলায় সরকার পক্ষ ২০ জনকে সাক্ষী করে। চার্জ গঠন হয়। বনগাঁ আদালতে চলে মামলার বিচার প্রক্রিয়া। ১৯ সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে। বর্তমানে তদন্তকারী পুলিস অফিসারের সাক্ষ্যগ্রহণ চলছে। এ সময়ই অভিযুক্তরা কোর্টে দাবি করেন, এজলাস পরিবর্তন করতে হবে। যা শুনে আদালত উষ্মা প্রকাশ করে। অভিযুক্তরা আইনজীবীর মাধ্যমে এই নিয়ে কোর্টে পিটিশন করেছিলেন। আইনজ্ঞদের বক্তব্য, এজলাস পরিবর্তন করতে হলে আইন মোতাবেক তা জেলা বা হাইকোর্টে করাটাই দস্তুর। এ ক্ষেত্রে অভিযুক্তরা কেন এই আবেদন ট্রায়াল কোর্টে করলেন সেটা বড় প্রশ্ন। সবমিলিয়ে মামলা এখন কোন দিকে এগয় তার দিকে নজর সবার।

Advertisement
সম্পর্কিত সংবাদ