নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার রাজভবনে ছয়টি বিশ্ববিদ্যালয়ের হবু উপাচার্যদের নিয়ে বৈঠকের পরে বুধবারই তাঁদের চূড়ান্ত নিয়োগে সবুজ সংকেত দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর তার কয়েক ঘণ্টার মধ্যে উচ্চশিক্ষা দপ্তর থেকেও বিজ্ঞপ্তি দিয়ে তাঁদের নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাঁদের কাছে নিয়োগপত্রও ব্যক্তিগতভাবে পাঠানো হচ্ছে। এদিন রাজভবনের তরফে জানানো হয়, বীরভূমের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আবু তালেব খান, ঝাড়গ্রামের রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে চন্দ্রদীপা ঘোষ, মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আশিস ভট্টাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আশুতোষ ঘোষ, পশ্চিম বর্ধমানের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উদয় বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চিরঞ্জীব ভট্টাচার্যের নাম উচ্চশিক্ষা দপ্তরের কাছে সুপারিশ করেছেন তিনি। এর ফলে কলকাতা বিশ্ববিদ্যালয় তিন বছরের বেশি সময় পরে স্থায়ী উপাচার্য পেতে চলেছে। যাদবপুরের ক্ষেত্রে এই সময়সীমা প্রায় আড়াই বছর। এর পরেও শিক্ষাদপ্তরের অধীন ১১টি বিশ্ববিদ্যালয় উপাচার্যবিহীন অবস্থায় রয়ে গেল।



