আট ঘণ্টার কাজের শর্ত, অতিরিক্ত পারিশ্রমিকের চাহিদা, গল্প ফাঁসের অভিযোগ... কোনও বিতর্কই দীপিকা পাড়ুকোনের সাফল্যের রথ থমকে দিতে পারল না। পরিচালক অ্যাটলির বিগ বাজেটের ছবিতে যোগ দিলেন অভিনেত্রী। অল্লু অর্জুনের বিপরীতে তিনি কাজ করবেন, দীর্ঘদিন ধরেই এই জল্পনা চলছিল ইন্ডাস্ট্রিতে। এবার জল্পনাতে সিলমোহর দিলেন নির্মাতারাই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ঘোষণার ভিডিও। ৮০০ কোটি টাকা বাজেটে এই ছবিটি তৈরি করতে চলেছেন ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি। ‘পুষ্পা ২’-এর সাফল্যের পর এই ছবির মাধ্যমেই ফের পর্দায় ফিরবেন অল্লু। শোনা যাচ্ছে, পুনর্জন্মের গল্পের উপর ভিত্তি করে এগবে চিত্রনাট্য। সেখানে একজন যোদ্ধার ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। অভিনেত্রীকে ‘ক্যুইন’ বলে সম্বোধন করে তাঁর নামে সিলমোহর দিয়েছেন নির্মাতারা। খুব শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে। কয়েকদিন আগেই সন্দীপ রেড্ডির ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছেড়েছেন দীপিকা। সন্দীপ দীপিকার নাম না করে একাধিক অভিযোগে সরব হয়েছেন। পাশাপাশি কল্কি: ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে দীপিকার উপস্থিতি নিয়ে টানাপোড়েন চলছিল। যদিও পরবর্তীতে সূত্র জানিয়েছে, দীপিকা ‘কল্কি ২’তে অভিনয় করবেন। এই আবহে অ্যাটলির ছবিতে তাঁর নাম ঘোষণা হতেই খুশি অনুরাগীরা। এর মাধ্যমেই দীপিকা নিন্দুকদের মোক্ষম জবাব দিলেন বলেই মনে করা হচ্ছে।



