জাতীয় সড়কে নোংরা শৌচাগার!  ছবি তুলে দেখালেই মিলবে ১০০০ টাকা
  • ১৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জাতীয় সড়কের টোলপ্লাজার অপরিচ্ছন্ন শৌচাগারের ছবি তুললেই মিলবে ১ হাজার টাকা পুরস্কার! শুক্রবার এমনই অভিনব ঘোষণা করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)। কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জাতীয় সড়কের শৌচাগারগুলিতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Advertisement

এই স্কিমের আওতায়, অপরিচ্ছন্ন শৌচাগারের জিওট্যাগড ছবি রাজমার্গযাত্রা অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে। সঙ্গে দিতে হবে নাম, স্থান, গাড়ি ও মোবাইলের নম্বর। এরপরেই যোগ্য ব্যক্তিরা এক হাজার টাকা ফাস্ট্যাগ রিচার্জ পাবেন। তবে নগদে কোনো পুরস্কার দেওয়া হবে না। তবে গাড়িপিছু মাত্র একবার এই পুরস্কার মিলবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সবকটি জাতীয় সড়কে চালু থাকবে এই স্কিম। 
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, শুধু তাঁদের তৈরি ও রক্ষণাবেক্ষণের আওতায় থাকা শৌচাগারগুলিতেই এই স্কিম চালু রয়েছে। পেট্রলপাম্প, ধাবা বা অন্য কোনো শৌচাগারের ছবি আপলোড করা যাবে না। যদি কোনো একটি শৌচাগারের একাধিক ছবি আপলোড করা হয়, সেক্ষেত্রে প্রথম যোগ্য ছবিটিই পুরস্কার পাবে। এডিট করা ছবি আপলোড করলে কোনো পুরস্কার মিলবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি আধিকারিকরাও ছবিগুলি খতিয়ে দেখবেন।